কেন্দুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৭
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুই-নওয়াপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় একই পরিবারের চারজনসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রুই-নওয়াপাড়া গ্রামের নীলচরণ সরকার (৩৫), তাঁর বড় ভাই শ্রীচরণ সরকার (৩৮), বোন বীণা রানী সরকার ও তাঁদের মা বিপুলা রানী সরকার, ভাইয়ের স্ত্রী রানী বালা সরকার, খালাতো ভাই অজয় সরকার এবং একই গ্রামের বাসিন্দা আবদুল মান্নান। তাঁদের মধ্যে নীলচরণ, শ্রীচরণ ও মান্নানকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের নীলচরণ সরকার ও আবদুল মোতালিব ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সিংহের বাংলা ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ নিয়ে নির্বাচনের সময় থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল। সপ্তাহ খানেক আগে নীলচরণ তাঁর অধীনে থাকা একটি বন্ধকি জমির আইল কাটেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ গুরুতর রূপ নেয়। গতকাল সকাল ১০টার দিকে আবদুল মোতালিব, তাঁর চাচা আফতাব উদ্দিনসহ আট ব্যক্তি নীলচরণের বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করতে থাকেন। এ সময় নীলচরণ ও শ্রীচরণ প্রতিবাদ করলে মোতালিবের লোকজন তাঁদের ওপর হামলা চালান। বাড়ির লোকজন বাধা দিলে তাঁরাও হামলার শিকার হন। একপর্যায়ে নীলচরণের পক্ষ পাল্টা হামলা চালালে মোতালিবের মামাতো ভাই মান্নান আহত হন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন নীলচরণ অভিযোগ করে বলেন, মোতালিবের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার কারণেই আমার ওপর এই হামলা করা হয়েছে।’
তবে ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল মান্নান বলেন, ‘নীলচরণরাই প্রথমে আমাদের ওপর হামলা করে। আমরা যদি মারামারি করতাম তবে, এদের কেউই এখন বেঁচে থাকত না।’
সিংহের বাংলা ইউপির চেয়ারম্যান আবদুর রহিম বলেন, নির্বাচনী বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় শ্রীচরণের চাচাতো ভাই সন্তোষ সরকার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।