কেন্দুয়ায় হামলায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির সমর্থকেরা হামলা চালিয়ে ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে রোববার দুপুরের দিকে উপজেলা ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীরা পৃথকভাবে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। কিছুক্ষণ পর ছাত্রলীগের অন্তত ২০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা মিছিল করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ অবস্থায় রোববার রাত নয়টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সাউদপাড়া মোড় এলাকায় গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহমেদ খান, কর্মী সাজিদুল হক ও আপেল মাহমুদ আহত হন। এ সময় সাউদপাড়া মোড় এলাকায় থাকা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন আহমেদের আসবাবের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, বুলবুল মিয়া, আকাশ মিয়া, গোলাপ মিয়া ও রোকনুজ্জামান নামের পাঁচজনকে আটক করে। আহত ব্যক্তিদের মধ্যে আবির আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সাজিদুলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আপেল মাহমুদ বলেন, ‘পরিকল্পিতভাবে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন আহমেদ এবং তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছে।’
তবে জসিমউদ্দিন আহমেদ বলেন, ‘পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তখন আমি প্রতিহত করেছি মাত্র।’