শরীয়তপুরে বিএনপির দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন ডাকে। পরে কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলন স্থগিত করা হয়। এরপর জেলা বিএনপির ১৬ সদস্যের নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় কমিটি। তবে এক পক্ষের প্রাধান্য থাকায় অন্য পক্ষ এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে ফের কমিটি গঠনের দাবি জানিয়েছে।
গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জনের নাম প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাসির উদ্দিন কালু।
জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, এই জেলায় সর্বশেষ ১৯৯১ সালে বিএনপির সম্মেলন হয়েছিল। এর মাঝে কয়েকবার কেন্দ্র থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। গত ২৬ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির দুই পক্ষ আলাদাভাবে সম্মেলন আয়োজন করায় তা কেন্দ্র থেকে স্থগিত করা হয়। দীর্ঘদিন থেকে শরীয়তপুরে বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। ২০১১ সালে কেন্দ্র থেকে জেলা কমিটি করে দেওয়া হলে বিরোধ প্রকাশ্যে চলে আসে। কমিটি বাতিলের দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন আন্দোলন করেছে। এর জের ধরে দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নতুন কমিটিতে তাঁরা দুজনসহ অন্তত ১২ জন ঠাঁই পেয়েছেন। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু ও সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গের স্ত্রী তাহমিনা আওরঙ্গ। তাঁরা দুজন নতুন কমিটিতে স্থান পাননি। তবে তাঁদের পক্ষের চারজন রয়েছেন।
নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহবুব আলম তালুকদার। তিনি জামাল শরীফের সমর্থক হিসেবে পরিচিত। তিনি বলেন, যাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নেন, তাঁরাও কমিটিতে রয়েছেন। দলের অনেক নেতা-কর্মী মামলা-হামলার ভয়ে ঘরছাড়া। কমিটি করার সময় তাঁদের খোঁজ নেওয়া হয়নি। নতুন কমিটি করায় দলের মধ্যে বিরোধ তীব্রতর হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ বলেন, যাঁরা কখনো রাজপথে থাকেন না, তাঁরা জেলা বিএনপির বড় পদ পেয়েছেন। বিরোধের কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। দুই পক্ষের সমন্বয় ছাড়াই এবং সম্মেলন ছাড়া কমিটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি দলের নীতিনির্ধারণী পর্যায়ে জানানো হবে। এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।
নাসির উদ্দিন কালু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে নেতৃত্ব নিয়ে অনেকের ভিড় থাকবে, বিরোধ থাকবে। সময়মতো তা ঠিক হয়ে যাবে। এখন যাঁরা বিরোধিতা করে দূরে সরে যাচ্ছেন, পরে তাঁরা ফিরে আসবেন।