রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান বকুল গত বুধবার বদরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই অভিযোগ করেন। আরেক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন হীরা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একই ধরনের মৌখিক অভিযোগ উপজেলা নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিয়েছেন বলে জানান। কাল শনিবার এ ইউপিতে ভোট হবে।
সংবাদ সম্মেলনে আবদুর রহমান বলেন, ‘নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত ভেবে আবুবক্কর সিদ্দিক ও তাঁর সমর্থকেরা আমার কর্মী-সমর্থক ও ভোটারদের মামলা-মোকদ্দমায় জড়ানো, বাড়িতে অগ্নিসংযোগ, মারপিট করার হুমকি দিচ্ছেন। তাঁরা বিভিন্ন স্থানে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছেন। আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছেন।’ তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় ও জনসমক্ষে বলে বেড়াচ্ছেন, ‘একটি ভোট পেলেও আমি (আবুবক্কর) চেয়ারম্যান হব, কেউ ঠেকাতে পারবে না। আমি আমার ভোট করছি না, করছি সরকারের ভোট। কাজেই সরকার আমাকে বিজয়ী করবে।’
আবদুর রহমান বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইউপি কার্যালয়কে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। ইউপি মাঠে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে তিনি পথসভা করতে দেননি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিভিন্ন ধরনের হুমকি ও অত্যাচারে আমি ঠিকমতো নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। তিনি (আবুবক্কর) বলে বেড়াচ্ছেন, তিনি ব্যালট বাক্স ইউএনওর কার্যালয়ে নিয়ে ভোট গণনার ব্যবস্থা করবেন। এতে তাঁর বিজয় সুনিশ্চিত হবে। এ ঘটনায় শনিবার ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমি ও আমার ভোটাররা শঙ্কিত।’ তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় গত সোমবার রাতে রাধানগর উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫০), পুতুল (৩০) ও শাস্ত্রী পাড়ার এনামুল হককে (৩৫) মারধর করা হয়েছে।
জানতে চাইলে আবুবক্কর সিদ্দিক মুঠোফোনে বলেন, ‘আমি কাউকে কোনো হুমকি দিইনি বা মারপিটও করিনি। সরকারি দলের প্রার্থী হিসেবে প্রভাব খাটিয়ে নির্বাচনী জনসংযোগে কোনো কথাও বলিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি কার্যালয় দখলে রেখে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ সঠিক নয়।’
ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ বলেন, ‘ওই ইউনিয়নে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন-সংক্রান্ত অভিযোগ আমি পাইনি। পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’