কেন্দ্র, মহানগর দুই পদই চান সরোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মজিবর রহমান সরোয়ার বরিশাল মহানগর বিএনপির সভাপতির পদেও থাকতে চান। বিএনপিতে এক পদ নীতির কারণে তাঁকে একটি পদ থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্র। গতকাল বুধবারের মধ্যে এ ব্যাপারে কেন্দ্রকে জানাতে বলা হয়।
এদিকে মজিবর রহমান সরোয়ার দুই পদে থাকতে চান জানিয়ে গতকাল কেন্দ্রীয় বিএনপিকে চিঠি দিয়ে জানিয়েছেন। সরোয়ারকে দুই পদে রাখতে তাঁর অনুসারীরাও চেষ্টা চালাচ্ছেন। মাসখানেক আগে তাঁরা সরোয়ারকে দুই পদে রাখতে কেন্দ্রের কাছে অনুরোধপত্র পাঠিয়েছেন।
মজিবর রহমান সরোয়ার গতকাল প্রথম আলোকে বলেন, ‘মহানগরের পদ ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। কারণ বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব দেওয়ার মতো নেতৃত্ব নেই। বরিশালের সার্বিক চিত্র তুলে ধরে গতকাল কেন্দ্রে প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদন দেখে ম্যাডাম (খালেদা জিয়া) সিদ্ধান্ত নেবেন। তারপরও যদি মহানগরে সভাপতির পদ পরিবর্তন করতেই হয়, তাহলে যেন কাউন্সিলের মাধ্যমে করা হয়।’
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘বরিশালে বিএনপির রাজনীতি গতিশীল রাখতে হলে সরোয়ার ভাইয়ের বিকল্প নেই। তাই কেন্দ্রের সঙ্গে বরিশাল মহানগর বিএনপিতে মজিবর রহমান সরোয়ারকে রাখার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানানো হয়েছে।’
অন্যদিকে মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির পদ ছাড়বেন এটা নিশ্চিত ধরে পদ পাওয়ার জন্য কয়েকজন নেতা লবিং চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল এগিয়ে আছেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিণ বলেন, সারা দেশে বিএনপির একাধিক পদে ছিলেন ৬৬-৬৭ জন নেতা। অনেকেই একটি পদ ছেড়ে দিয়েছেন। বর্তমানে ১৮ জন আছেন। সরোয়ার ভাই তাঁদের মধ্যে একজন। দলের সিদ্ধান্ত, একটি পদ ছাড়তে হবে। সরোয়ার ভাই কোন পদ রাখবেন সেটা তাঁর ওপর নির্ভর করছে। গতকালের মধ্যে সিদ্ধান্ত জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি বরিশালের দায়িত্বশীল একাধিক নেতা জানান, মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির পদ ছাড়ছেন এমন খবর শুনে একাধিক নেতা দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং লন্ডনে জ্যেষ্ঠ সহসভাপতির কাছে লবিং শুরু করেছেন। বিএনপি-সমর্থিত বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালকে সভাপতি করে একটি প্রস্তাবিত কমিটি লন্ডনে পাঠানো হয়েছে। এ নিয়ে বরিশালে ব্যাপক আলোচনা চলছে। তা ছাড়া মহানগর বিএনপিতে সভাপতির পদ পেতে বেশ কয়েকজন সাবেক ছাত্রদল নেতা লবিং করছেন।