কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে পর্যবেক্ষণ সেল করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে পর্যবেক্ষণ সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। 

সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীদের সরে যেতে চাপ দিচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অন্তরায়। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে। এ সময় তিনি নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা দরকার তা করার আহ্বান জানান।
খালেদা জিয়ার সভাপতিত্বে রাত নয়টা থেকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় পৌনে ১১টায়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।