কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় খুললেও ওই এলাকা থেকে গত তিন দিনে ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে দলীয় কার্যালয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এই অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের বিষয়ে পল্টন থানায় যোগাযোগ করা হলে পুলিশ বলেছে, তারা কিছু জানে না। কিন্তু রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের সন্ধান পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, কার্যালয় খুলে দেওয়ার পর সরকারের কাছে বিএনপি আশা করে নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ হয়রানি বন্ধ করা হবে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক গতিতে চালানোর ক্ষেত্রে নিরাপদ ও বিপদমুক্ত রাখবে।
বিবৃতিতে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণায় অবাধ সুযোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার আতঙ্ক থেকে মুক্ত রাখতে সচেষ্ট হবে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দিয়ে বিরাজমান অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
কোন এলাকা থেকে ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে ভীতি ছড়াতে কার্যালয় খোলার পরের দিন থেকেই পুলিশ গ্রেপ্তার করা শুরু করেছে। শনিবার রাতে কার্যালয় খোলা হয়।’