কেন্দ্রীয় নেতাদের পথরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা বিএনপির দ্বন্দ্ব মেটাতে আসার পথে কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে আটকে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার শহরের ঘোষপাড়ায় পৌঁছলে জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁরা মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিও বাতিলের দাবি জানান।
ওই তিন নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করছে। একটি পক্ষে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অপর পক্ষে আছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান।
গতকাল সকালে ঘোষপাড়ায় এলে জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিকের লোকজন কেন্দ্রীয় নেতাদের আটকে দেন। পরে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জানান, সভাপতি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করায় এবং কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়।
সভাপতি পক্ষের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘সারা দেশে জেলা বিএনপির কার্যক্রম সঠিকভাবে পালিত হচ্ছে। কেন্দ্র থেকে জেলা সম্মেলনের সিদ্ধান্ত যথাসময়ে হবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।’