জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেবেন স্থানীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় বিএনপি ও জামাত নেতা-কর্মীদের সিদ্ধান্ত নিতে বলেছে বিএনপি। যদি তাঁরা কোনো সিদ্ধান্ত নিতে না পারেন তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। রাত নয়টা থেকে শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক।

বৈঠকে সূত্র জানায়, এর আগে নির্বাচনে বিএনপি ২৩৫ পৌরসভার মধ্যে একটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আরেকটি কাজী জাফরের জাতীয় পার্টিকে ছাড় দিয়ে বাকি ২৩৩টি পৌরসভায় প্রার্থী দেয়। কিন্তু ওই সময় জোটের প্রধান শরিক জামায়াতের সঙ্গে সমঝোতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গতকাল জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, ৪০ টির মতো পৌরসভায় জামায়াত মেয়র পদে প্রার্থী দিয়েছে। ওই সব পৌরসভায় বিএনপি জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সমঝোতা করতে বলা হয়েছে। যদি তাঁরা কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে কয়েক দিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের কাছে থাকা জামায়াতের মেয়র প্রার্থীদের তালিকা দেখে তিনিই সিদ্ধান্ত নেবেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌরসভা নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে পর্যবেক্ষণ সেল গঠন করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীদের সরে যেতে চাপ দিচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অন্তরায়। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে। এ সময় তিনি নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করা দরকার তা করার আহ্বান জানান।

বৈঠক সূত্র আরও জানায়, স্থানীয় কমিটির সদস্যরা মনে করছেন এই নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য খালেদা জিয়া দ্রুত পর্যবেক্ষণ সেল গঠন, সময়ে সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখা এবং যেকোনো অনিয়ম ও সমস্যার বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনকে জানানোসহ নিয়মিত গণমাধ্যমকে সব বিষয়ে অবহিত করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন।