কেন্দ্রীয় নেতা পাঁচজন, পূর্ণাঙ্গ কমিটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির উচ্চপর্যায়ের পাঁচজন গুরুত্বপূর্ণ নেতার বাড়ি নোয়াখালী জেলায়। কিন্তু পাঁচ বছর ধরে সে জেলায় দলের পূর্ণাঙ্গ কমিটি নেই। ১৫ বছর ধরে বিএনপি চলছে একই সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বাড়ি কোম্পানীগঞ্জে। দলের তিন যুগ্ম মহাসচিব মো. শাহজাহান নোয়াখালী সদর, বরকত উল্লা বুলু বেগমগঞ্জ, মাহবুব উদ্দিন খোকন সোনাইমুড়ী ও প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুকের বাড়ি সেনবাগে। কেন্দ্রীয় এই পাঁচ নেতার নিজ উপজেলাতেও বিএনপির কমিটি নেই। বহাল কমিটিও মেয়াদোত্তীর্ণ। এর বাইরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একাধিক সদস্যও এই জেলার বাসিন্দা।
জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এটা ঠিক, জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলোর মেয়াদ নেই। দুবছরের কমিটি পাঁচ বছর থাকে, এটি এখন নিয়মে পরিণত হয়ে গেছে।
জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ বছরে জেলা বিএনপির সম্মেলন হয়েছে তিনবার। কিন্তু কোনোবারই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। সর্বশেষ ২০১০ সালের ২৬ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। তাতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান দ্বিতীয়বার সভাপতি এবং হারুনুর রশিদ আজাদ সাধারণ সম্পাদক হন। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু তা পাঁচ বছরেও বাস্তবায়িত হয়নি।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির একাধিক নেতা বলেন, কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির পদ নিয়ে মতবিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন ঝুলে যায়। কারণ, দলের জ্যেষ্ঠ এক নেতা তাঁর কাছের একজনকে ওই পদ দেওয়ার আবদার করেছিলেন।
দলীয় সূত্র জানায়, ১৯৯৯ সালের আগ পর্যন্ত মো. শাহজাহান ও মোয়াজ্জেম হোসেনের (হিরু) নেতৃত্বাধীন জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ছিল। ১৯৯৯ সালে ওই কমিটি ভেঙে দিয়ে সম্মেলন করা হয়। যাতে মো. শাহজাহান সভাপতি ও জয়নুল আবেদিন ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল। কিন্তু তাঁরা পূর্ণাঙ্গ কমিটি করেননি। ২০০৫ সালে সম্মেলন হলে মো. শাহজাহান আবার সভাপতি ও হারুনুর রশিদ সাধারণ সম্পাদক হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আনোয়ার হোসেন।
জেলা ও উপজেলা বিএনপির নেতারা বলছেন, বছরের পর বছর পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। দলে পদ না থাকায় দলীয় কর্মকাণ্ডে এবং আন্দোলন-সংগ্রামে নিজেদের সক্রিয়ভাবে উপস্থাপন করার ঝুঁকি নিচ্ছেন না অনেকে। দলের গঠনতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যাওয়ায় গণতান্ত্রিক চর্চাও ব্যাহত হচ্ছে। এর ফলে বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও নোয়াখালী জেলায় দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।
অবশ্য ‘শুধুমাত্র কমিটির কারণে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে, এটা ঠিক নয়’ বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির দুর্বল হওয়ার অন্যতম কারণ কয়েক বছর ধরে সরকারের দমন-নিপীড়ন। অধিকাংশ নেতা-কর্মী সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হয়ে ঘরছাড়া। তারপরও এলাকার সাবেক সাংসদ বা যিনি দলের প্রার্থী ছিলেন, তাঁর নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ড চলছে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অনেকের অভিযোগ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারুনুর রশিদ ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেও তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। অথচ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে গড়ে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারির পর নোয়াখালী সদর উপজেলায় মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা পর্যন্ত ঘরবাড়িছাড়া।
জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, ‘আমি বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও নোয়াখালী পৌরসভার নির্বাচিত মেয়র। পৌরবাসীর উন্নয়নের স্বার্থে ইচ্ছায়-অনিচ্ছায় স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এটাকে কেউ কেউ ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই আন্দোলন-সংগ্রামে এবং দলীয় কর্মসূচি পালনে পিছপা ছিলাম না।’