কেন্দ্রীয় নেতাদের শেষ মুহূর্তের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেসকোর্স ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রচারণা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রেসকোর্স ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রচারণা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

প্রচারণার শেষ মুহূর্তে দলের নেতাদের নিয়ে গতকাল সোমবার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার রাত ১২টায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে।
নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করছেন। ভোট গ্রহণ আগামী বৃহস্পতিবার।
মেয়র পদপ্রার্থীদের পক্ষে কুমিল্লায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের তিন শতাধিক কেন্দ্রীয় নেতা প্রচারণায় অংশ নেন। কেন্দ্রীয় নেতাদের গতকাল রাত ১২টার মধ্যে নির্বাচনী এলাকা ছেড়ে যাওয়ার কথা।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টায় নগরের বাদুরতলা এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রচারণায় নামেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নগরের রেলস্টেশন, সবুজ রেস্টহাউস ও কাপ্তানবাজার এলাকায় গণসংযোগ করেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নগরের দক্ষিণ চর্থা এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে উঠান বৈঠক করেন। এ সময় মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন ও মনিরুল হকের স্ত্রী আফরোজা জেসমিন উপস্থিত ছিলেন।

বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু গতকাল নগরের ফৌজদারি এলাকায় প্রচারণা চালান l প্রথম আলো
বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু গতকাল নগরের ফৌজদারি এলাকায় প্রচারণা চালান l প্রথম আলো

২০-দলীয় জোটের নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান নগরের কান্দিরপাড় ও মনোহরপুর এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও সৈয়দ এমরান সালেহ এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
উঠান বৈঠকে নজরুল ইসলাম খান বলেন, তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন চান। কিন্তু যাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা কম।
এদিকে আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানার পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ নগরের ১১ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার নগরের ১৭ নম্বর ওয়ার্ডে যান। বিকেলে নগরের ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স, বাদশা মিয়ার বাজার ও কাঠেরপুল এলাকায় গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী আঞ্জুম নিজে।
এনামুল হক শামীম বলেন, ‘এখানে নানা প্রতিকূল পরিবেশে ১৮ দিন আমরা একটানা কাজ করেছি। দলের মধ্যে বিভেদ দূর করার চেষ্টা করেছি। আশা করি, দলীয় প্রার্থী জিতবে।’
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, গতকাল মধ্যরাতে নির্বাচনী এলাকা থেকে বহিরাগত লোকজনকে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ তিন শতাধিক র্যা ব সদস্য নামবেন।