কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে বিরোধ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শিরক দলের ২০ কেন্দ্রীয় নেতার সফরকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপিতে বিদ্যমান বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে দলের এক অংশ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় নেতাদের সফরে আসার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপিতে কোন্দল বিরাজ করছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং অপর পক্ষে আছেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল মান্নান।
দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির উদ্যোগে আগামীকাল শুক্রবার ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। মেঘনা শিল্পনগর বালুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকত উল্লা ও সালাউদ্দিন আহমদ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল ও শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ২০ জন নেতা উপস্থিত থাকবেন। সে সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানেরও উপস্থিত থাকার কথা আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। এদিকে ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, পোস্টার-ব্যানারে কোথাও সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিমের নাম নেই। এমনকি তাঁকে আমন্ত্রণও জানানো হয়নি বলে জানিয়েছেন রেজাউল করিম অংশের নেতা হিসেবে পরিচিত পৌর বিএনপির সভাপতি এম এ জামান। এর প্রতিবাদে ইতিমধ্যে রেজাউল করিমের অনুসারী নেতা-কর্মীরা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে রেজাউল করিম বলেন, ‘গত উপজেলা নির্বাচনে আমি দলের সব কোন্দল ভুলে আজহারুল মান্নানকে সমর্থন দিয়ে জয়ী করে এনেছি। অথচ সে সব ভুলে গিয়ে আমার বিরোধিতা করছে। অনুষ্ঠানে আমার সমর্থক কোনো নেতা-কর্মী যোগ দিবে না। আমরা অনুষ্ঠান বর্জন করব।’
আজহারুল মান্নান বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা করে পোস্টার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা-কর্মী আমাদের সঙ্গে আছে। সে না আসলে এতে কোনো প্রভাব পড়বে না।’
এদিকে মান্নানের অনুসারীরা বলেন, নির্বাচনের আগে প্রকাশ্যে তাঁকে রেজাউল করিম সমর্থন দিলেও গোপনে তিনি তাঁর বিরোধিতা করেছেন।