কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিবদমান দুটি পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় গতকাল মঙ্গলবার জয়পুরহাট জেলা বিএনপির কর্মিসভা ভন্ডুল হয়ে গেছে। সংঘর্ষের ঘটনায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ মো. জিয়া উদ্দীন চৌধুরী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিয়েছেন মোসলেম উদ্দীন ও আজিজুল ইসলাম। অন্যরা অন্যত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে কর্মিসভা শুরু হয়। পাঁচবিবি উপজেলা ছাত্রদলের সভাপতি আবু তাহেরের বক্তব্যের সময় কিছু কর্মী লাঠি, হাঁসুয়া নিয়ে ভাঙচুর শুরু ও প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এ সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ নেতারা মিলনায়তন থেকে বের হয়ে আসেন।
মিলনায়তনের সামনে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে জয়পুরহাটে এসেছিলাম। মিটিং চলাকালে দুষ্কৃতকারীরা সভার পরিবেশ নষ্ট করেছে। আমি হতাশ হয়ে ফিরে গেলাম। তবে হামলা, মামলা, অত্যাচার করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।’
একপর্যায়ে জেলা বিএনপির অপর একটি পক্ষের নেতা-কর্মীরা সিও কলোনির মসজিদের পশ্চিম পাস থেকে লাঠিসোঁটা, রামদা, হাঁসুয়া নিয়ে মিলনায়তনের দিকে ছুটে এসে প্রতিপক্ষকে ধাওয়া করেন। তখনই জয়নুল আবদিন ফারুক গাড়িতে উঠে খুব দ্রুত বগুড়ার দিকে চলে যান।
জেলা বিএনপির একটি সূত্র জানায়, গত ২ মার্চ কেন্দ্র জয়পুরহাট জেলা বিএনপির ২৬ সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণা করে। এতে নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করায় সহসভাপতি গোলাম মোস্তফার পক্ষ মেনে নেয়নি। এর জের ধরে গত ৯ মার্চ একটি পক্ষ জেলা কার্যালয় পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোজাহার আলী প্রধানের সমর্থক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরে মওলা গোলাম মোস্তফাসহ তাঁর সমর্থক ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পাল্টা মামলা করেন মোস্তফার সমর্থক হাসানুজ্জামান আলম। এ মামলায় কাজী মনজুরে মওলাসহ ছয়জনকে আসামি করা হয়।
মোজাহার আলী বলেন, এক দল দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হামলা করে শান্তিপূর্ণ সভা ভন্ডুল করে দিয়েছে।
গোলাম মোস্তফা মুঠোফোনে দাবি করেন, সরকারের মদদপুষ্টরা হামলা করেছে। এটা বিএনপির কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়।