জয়পুরহাট জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের একাংশ অনাস্থা প্রস্তাব আনতে সভা ডেকেছিল। আজ সোমবার এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের নির্দেশে ওই সভা স্থগিত করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম, জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের (রিকুইজিশন) সভা ডাকে আওয়ামী লীগের একাংশ। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ জন্য জেলা আওয়ামী লীগের ওই অংশের সহসভাপতি মোল্লা সামছুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠি দিয়ে জেলা কমিটির নেতাদের বিষয়টি অবগত করা হয়। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা তিনটায় শহরের দলীয় কার্যালয়ে ওই সভা হওয়ার কথা ছিল। কিন্তু যাবতীয় প্রস্তুতি নেওয়ার পর জয়পুরহাট জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর (এমপি) নির্দেশে ওই সভা স্থগিত করা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সভা স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী মুঠোফোনে রিকুইজিশন সভা স্থগিত করতে বলেন। তাই গত শনিবার সন্ধ্যায় জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে জরুরি সভা ডেকে রিকুইজিশন সভা স্থগিত করা হয়। জেলা আওয়ামী লীগের বিরোধের বিষয়ে তিনি আরও বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারমান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সামছুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদকসহ তাঁদের অনুগত একাংশকে নিয়ে গত ১৮ নভেম্বর ডাকবাংলোতে এক সভা হয়। ওই সভায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে এস এম সোলায়মান আলীর নামসহ আরও দুজনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু অপর পক্ষটি পৃথক সভা করে সোলায়মান আলীকে মনোনয়ন না দিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে আবেদন করে। এই আবেদনে সমর্থন দেন জেলা কমিটির ৪৪ নেতা-কর্মী।
জেলা আওয়ামী লীগের দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের সময় জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ যেন পুনরায় সাংগঠনিক সম্পাদক হতে না পারেন, এ জন্য কেন্দ্রীয় কমিটিতে তদবির করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ কারণে আবু সাঈদ বলয়ের নেতারা বর্তমান সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী ও গোলাম হক্কানী গত শনিবার বলেন, দলের সাধারণ সম্পাদক ও সভাপতির গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ, দলের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করা ইত্যাদি অভিযোগে তাঁরা ওই অনাস্থা প্রস্তাবের সভা ডেকেছিলেন।
এদিকে সোলায়মান আলী সব অভিযোগ অস্বীকার করে গতকাল রোববার বলেন, তাঁদের বিরুদ্ধে যে সভা ডাকা হয়েছিল তা গঠনতন্ত্রবিরোধী। তাঁরা দলের গঠনতন্ত্রবিরোধী কোনো কাজ করেননি। তিনি দাবি করেন, জেলা ও উপজেলা কমিটির কে কীভাবে অনিয়ম, টেন্ডারবাজি বা বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়েছেন তা দলের অনেক নেতা-কর্মী যেমন জানেন, জয়পুরহাটবাসীও জানেন। তিনি কোনো অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত নন।
সংসদ সদস্য সামছুল আলম বলেন, তিনি টেন্ডারবাজি, লটারির নামে জুয়ার মেলার অনুমতি দেন না কখনো। বরং কারা জামায়াত, বিএনপিকে দলে ভিড়িয়েছে, কারা টেন্ডারবাজি করে মাস্তান পোষে তা জয়পুরহাটবাসী জানেন।