কেন্দ্রীয় নেতার বিপক্ষে জেলার দুজন এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা বিএনপিতে দুই পক্ষ। এক পক্ষে জেলার শীর্ষ দুই নেতা, অন্য পক্ষে কেন্দ্রীয় এক নেতা। এক পক্ষ কোনোরকমে কর্মসূচি পালন করছে, অন্য পক্ষ নিষ্ক্রিয়। কার্যালয় খোলা হয় কর্মসূচি থাকলে।
জেলা বিএনপির অবস্থা জানতে চাইলে এসব কথা বললেন কয়েকজন নেতা। তাঁরা বললেন, দুটি পক্ষের মধ্যে এক পক্ষে আছেন জেলা সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান। আরেক পক্ষে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর সরকার। দুই পক্ষ একসময় পৃথকভাবে কর্মসূচি পালন করলেও এখন আলমগীর সরকার পক্ষ নিষ্ক্রিয়। দলে বিভক্তির পাশাপাশি বিভিন্ন নাশকতার ঘটনায় করা মামলার কারণে নেতা-কর্মীরা কম সক্রিয়। এতে সংগঠনও দুর্বল হয়ে পড়ছে।
সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতাদের দাবি, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও তাঁদের নেতৃত্বে চলছে। সভাপতি স্থায়ীভাবে নীলফামারীতেই থাকেন। সাধারণ সম্পাদক ঢাকায় থাকলেও মাসে দু-তিনবার আসেন এবং সার্বক্ষণিক খোঁজখবর নেন। তাঁদের বিরোধিতাকারীরা দলীয় কোনো কর্মকাণ্ডে থাকেন না। এ কারণে ৫ জানুয়ারির নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে থাকা নেতা-কর্মীদের নামে মামলা হলেও অপর পক্ষ দাবিদারদের কারও নামে মামলা হয়নি। ওই পক্ষ জামায়াতে ইসলামী নির্ভর এবং এখন নিষ্ক্রিয়।
অবশ্য সভাপতি-সাধারণ সম্পাদকবিরোধী পক্ষের দাবি, সাধারণ সম্পাদক রাজনীতিবিদদের প্রাধান্য দেন না। বিএনপির কেউ জামায়াতনির্ভর হয়ে রাজনীতি করতে পারেন না। অপর পক্ষের এই অভিযোগ মিথ্যা।
দলীয় সূত্র বলেছে, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। গত বছরের ৫ জানুয়ারির আগে দল যে অবস্থায় ছিল, এখন তা নেই। ওই নির্বাচনের পর কর্মসূচি পালনেও তেমন জোরালো কার্যক্রম নেই। শহরের পৌর মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় খোলা হয় মাঝেমধ্যে, কর্মসূচি থাকলে। এই কার্যালয় সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নিয়ন্ত্রণে। রাস্তায়ও নামেন তারা। তবে পুলিশ বাধা দিলে তারা সরে আসে। আলমগীর সরকার পক্ষ আগে পৃথকভাবে মাঠে নামলেও এখন নিষ্ক্রিয়। এই পক্ষের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। ২০১৪ সালের ৩০ নভেম্বর সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
সূত্র আরও বলেছে, বিএনপিতে দ্বন্দ্বের প্রভাব ছাত্রদলসহ সহযোগী সংগঠনেও পড়েছে। পৌর ছাত্রদলের সভাপতি মো. মারুফ পারভেজ জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে। কিন্তু জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পক্ষে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, ‘আমাদের দলে আগে কিছু বিভেদ থাকলেও এখন নেই। এখানে জামায়াত চায় বিএনপিকে দ্বিধাবিভক্ত করে রাখতে। কেন্দ্রীয় বিএনপির সদস্য আলমগীর সরকার সেই জামায়াতের সঙ্গে কাজ করছেন। তাঁর সঙ্গে যে কয়েকজন আছেন, তাঁরা সুবিধাবাদী। এখন কেউ জামায়াতের নেতা-কর্মী নিয়ে মিছিল করলে করতে পারেন।’ তিনি বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দল চালাচ্ছি। নির্দেশনা অনুযায়ী সম্মেলনের এক মাস পর ৩০ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি জমাও দিয়েছি। কিন্তু নেতারা কারাগারে থাকায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়নি।’
সামসুজ্জামান বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা এবং পুলিশের বাধায় নির্বাচন-পরবর্তী সময়ে আন্দোলনে খুব একটা গতি না থাকলেও মিছিল-সমাবেশ হয়েছে।
জেলা বিএনপিতে কোন্দলের বিষয়টি আলমগীর সরকারও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর ইসলামি মূল্যবোধ কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। এ ছাড়া জোটগত কারণে জামায়াতকে কিছুটা প্রাধান্য দেওয়া হয়েছে। আমি জামায়াতের রাজনীতি করি না, তা করলে কেন্দ্রীয় বিএনপির সদস্য হতে পারতাম না।’ তিনি বলেন, ‘যে সম্মেলনের মাধ্যমে সামসুজ্জামান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন, সেটা ছিল পাতানো। জেলা কমিটি হয়েছে কি না, তাও আমার জানা নেই। বর্তমান জেলা নেতৃত্ব ভুল রাজনীতি করায় আমরা তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করে কেন্দ্রঘোষিত কর্মসূচি পৃথকভাবে পালন করি।’ তিনি দাবি করেন, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে আছেন।