পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেন্দ্রীয় এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। তাঁরা ওই নেতার বহিষ্কার দাবি করছেন।
ওই নেতা হলেন এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বাউফল উপজেলা শাখার সভাপতি।
গত রোববার রাতে উপজেলার বগা বন্দর এলাকায় ফারুক আহম্মেদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় গাড়ির চালক মো. আজাদ, উপজেলা যুবদলের নেতা মো. মনজুসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি।তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপির শীর্ষ দুই নেতা সম্পর্কে নেতিবাচক বক্তব্য দেওয়ায় বিএনপির ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছেন।
বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার এলাকায় আসেন। শনিবার রাতে বাউফল পৌর এলাকায় তাঁর বাসভবন কাম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপির নেতা-কর্মীরাও সেখানে ছিলেন।
মতবিনিময়কালে ফারুক আহম্মেদ বলেন, ‘গত কয়েক বছর তারেক জিয়া সেইফ সাইডে, খালেদা জিয়াও সেইফ সাইডে ছিলেন। সবাই সেইফ সাইডে ছিলেন। এ কারণে আমিও সেইফ সাইডে ছিলাম।’ বিষয়টি জানাজানি হলে বিএনপির অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ হন। ফেসবুকেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শহীদুল আলম তালুকদারবলেন, তারেক রহমান ও খালেদা জিয়া কখনোই সেইফ সাইডে ছিলেন না। তাঁর (ফারুক আহম্মেদ) এ বক্তব্য দলের জন্য অশোভনীয়। এতে সাধারণ কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফারুক আহম্মেদ তালুকদার পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। এরপর থেকে তিনি ঢাকায় থাকেন। সরকারবিরোধী আন্দোলনে তিনি এলাকায় ছিলেন না। সর্বশেষ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে তিনি এলাকায় আসেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় তিন বছর পর তিনি (ফারুক আহম্মেদ) এলাকায় এসেছেন। এসে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক বক্তব্য দিয়েছেন। তাঁর এ বক্তব্য ধৃষ্টতাপূর্ণ। তাই তাঁর বহিষ্কার দাবি করছি।’
শনিবারের মতবিনিময়ের সময় ফারুক আহম্মেদ আরও বলেন, তিনি পেশাগতভাবে রাজনীতিবিদ না, ব্যবসায়ী। তবে এখন থেকে তিনি এলাকায় আসবেন। নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দল গোছাবেন। খালেদা জিয়া লন্ডন থেকে এসে ডেকে বলেছেন তাঁকে (ফারুক) মনোনয়ন দেওয়া হবে। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তিনি কাজ করবেন। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগকে এককভাবে গোল দিতে দেওয়া হবে না। এটা দলের সিদ্ধান্ত।
জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বলেন, শারীরিক অসুস্থতার জন্য তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আর হামলা, মামলা উপেক্ষা করে খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে না এবং বিএনপিও অংশ নেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে।
বক্তব্যের প্রতিক্রিয়ার বিষয়ে কথা বলার জন্য গতকাল সোমবার এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে মতবিনিময়কালে উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, এ নিয়ে বিরোধীপক্ষ অযথা সমালোচনা করছে।
মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক শহীদুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান প্রমুখ।