>গত ডিসেম্বরে অনুষ্ঠিত বোয়ালমারী পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ আবদুর রহমানের সঙ্গে মোশাররফ হোসেনের বিরোধ নতুন মাত্রা পায়
কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা আগামীকাল শুক্রবারের পাল্টাপাল্টি সভা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে আনুষ্ঠানিক এ ঘোষণার পর দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা কমে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ১৪ জুলাই এ সভা আহ্বান করেন। জঙ্গিবিরোধী কমিটি গঠন ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়ে আগামীকাল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। একই দিন একই সময়ে উপজেলা ডাকবাংলোয় পাল্টা সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ। ১৬ জুলাই এ কর্মসূচি আহ্বান করা হয়। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শাহজাহান মিরদাহ ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমানের সমর্থক হিসেবে পরিচিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সাংসদের বিরোধী বলে পরিচিত।
এ বিষয়ে গতকাল বিকেলে জানতে চাইলে মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে মুঠোফোনে সাংসদ আবদুর রহমান আমাকে সভা বন্ধের অনুরোধ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আমাকে ফোন করে সভা স্থগিতের আহ্বান জানান। এতে সভা স্থগিতের সিদ্ধান্ত নিই।’ মোশাররফ হোসেন রাত আটটার দিকে পৌর এলাকায় নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সভা স্থগিতের ঘোষণা দেন।
এদিকে সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ বলেন, ‘সভাপতি তাঁর সভা প্রত্যাহার করেছেন। তা জানার পর আমিও আমার পূর্বঘোষিত সভা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’
এরপর কয়েকজন নেতা-কর্মী বলেন, এর মধ্য দিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। এতে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত বোয়ালমারী পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ আবদুর রহমানের সঙ্গে মোশাররফ হোসেনের বিরোধ নতুন মাত্রা পায়। ওই নির্বাচনে মোশাররফের ছোট ভাই মোজাফফর হোসেন দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন। দলীয় প্রার্থী হয়েও হেরে যান শাহজাহান মিরদাহ।
গত সোমবার প্রথম আলোতে ‘বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ/একই দিন দুই পক্ষের সভা আহ্বান নিয়ে উত্তেজনা’ শিরোনামের সংবাদ প্রকাশিত হয়।