কেন্দ্রীয় পদ ছেড়ে চট্টগ্রাম নগরের দায়িত্বে শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় পৌনে চার বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে দিয়ে চট্টগ্রাম নগর কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন শাহাদাত হোসেন। চার মাস আগে তিনি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। তিনি সদ্য বিদায়ী চট্টগ্রাম নগর কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতির নাম ঘোষণা করেন। এই তিন নেতা মিলে পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করে কেন্দ্রে জমা দেবেন। নগর কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাশেম (বক্কর)। তিনিও চার মাস আগে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের পদ পান। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি কেন্দ্রীয় পদ ছেড়ে দিয়েছেন। সহসভাপতি হয়েছেন আবু সুফিয়ান। তিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন।
কেন্দ্রীয় পদ ছেড়ে চট্টগ্রাম নগর কমিটির দায়িত্ব নেওয়ার বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে নগরে চেয়েছিলেন। চট্টগ্রামে রাজনীতি করা আমার জন্য সুবিধাজনক। তাই বিভাগীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে নগর কমিটির সভাপতি হলাম।’
২০০৯ সালে কেন্দ্র থেকে পাঁচ সদস্যের চট্টগ্রাম নগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির পরিধি আর বাড়েনি। দলের গঠনতন্ত্রে নগর কমিটির সদস্যসংখ্যা ১৫১ জন। এবার তিন সদেস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
নগর কমিটির নতুন সাধারণ সম্পাদক আবুল হাশেম দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানিয়ে প্রথম আলোকে বলেন, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের নিয়ে কমিটি করা হবে।
চট্টগ্রাম নগর বিএনপির সদ্য বিদায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। তিনি ২০০৯ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম নগর বিএনপির সভাপতির দায়িত্ব পান। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে যোগ্য মনে করে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য করেছে। আমাদের কাজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নেওয়া।’
নেতা-কর্মীরা বলছেন, বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে এবার চট্টগ্রামের প্রায় সব নেতার পদোন্নতি হয়েছে। একমাত্র ব্যতিক্রম আবদুল্লাহ আল নোমান। তিনি গত কমিটিতেও ভাইস চেয়ারম্যান ছিলেন। এবারও তাঁকে ভাইস চেয়ারম্যান পদে রাখা হয়েছে। বিএনপির গত কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। এই দুজনের যোগ্য মূল্যায়ন হয়নি বলে চট্টগ্রামে তাঁদের অনুসারী নেতা-কর্মীরা বলছেন। এ ছাড়া আগের মতোই ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে মীর মোহাম্মদ নাছির উদ্দিন হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান। আর গত কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবার ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘দল আমাকে যোগ্য মনে করে ভাইস চেয়ারম্যান করেছে। এতে আমি খুব খুশি। তবে এই মুহূর্তে পারিবারিকভাবে আমরা বিপর্যস্ত। আমার বড় ভাইয়ের ছেলে হুম্মাম কাদের চৌধুরীর সন্ধান নেই।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি গত বছরের ২২ নভেম্বর কার্যকর করা হয়। তাঁর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবার বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন।
একই পদে বহাল থাকার বিষয়ে আবদুল্লাহ আল নোমানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য গোলাম আকবর খোন্দকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দল যাঁকে যোগ্য মনে করেছে, তিনি জায়গা পেয়েছেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’
নোমানের অনুসারী ও চট্টগ্রাম নগর বিএনপির নতুন কমিটিতে পদ পাওয়া এক নেতা নাম প্রকাশের শর্তে বলেন, ‘এখনো স্থায়ী কমিটির দুটি পদ শূন্য রয়েছে। দেখা যাক কী হয়।’
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের আরও এক নেতার ছেলে স্থান পেয়েছেন। তিনি হলেন মীর হেলাল উদ্দিন। তাঁর বাবা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। মীর হেলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রবীণ ও নবীনদের নিয়ে কেন্দ্রীয় কমিটি হয়েছে। আমি নির্বাহী সদস্য হয়েছি। দেশ ও দলের জন্য ভালো কিছু করতে চাই।’