হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অনুগতদের স্থান দিতে সংগঠনের কেন্দ্রীয় সাত নেতা গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি ১২১ সদস্যবিশিষ্ট হওয়ার কথা। কিন্তু করা হয়েছে ২১১ সদস্যের।
আবার এ কমিটিতে স্থান পেয়েছেন খুনের মামলার আসামি, বিবাহিত ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা নেতারা। সুষ্ঠু রাজনীতির জন্য এটি বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন সাবেক নেতারা।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের দুই দিন পর ইশতিয়াক রাজ চৌধুরীকে সভাপতি, মুকিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মহিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন করে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটি। গত প্রায় তিন বছর ছয়জনের ওই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।
গত মঙ্গলবার (১ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে পূর্বের ঘোষিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যকে বহাল রেখে ২১১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে ৫২ জনকে সহসভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৯ জনকে সাংগঠনিক সম্পাদক ও ১৩৫ জনকে বিভিন্ন সম্পাদকীয় ও সদস্যপদে রাখা হয়। এ কমিটি গঠনের আগে ছাত্রলীগের জেলা কমিটি ছিল ১২১ সদস্যের। নতুন এ কমিটিকে জেলায় এযাবৎকালের সবচেয়ে বড় হিসেবে অভিহিত করেছেন নেতা-কর্মীরা।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, উপদপ্তর সম্পাদক শাওন আহমেদ, মানবসম্পদ–বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুল হক, উপকর্মসংস্থান–বিষয়ক সম্পাদক সরকার জুবায়ের আহমেদ এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপসম্পাদক সাজিদ রাসেলেরবাড়ি হবিগঞ্জে। কেন্দ্রের এ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেদের অনুগতদের নতুন কমিটিতে স্থান করে দিতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। তাঁদের সরাসরি হস্তক্ষেপের কারণে কমিটি বড় হয়েছে। তা ছাড়া, এ কমিটির সহসভাপতি খুর্শেদুল আলম খুনের মামলার আসামি। তিনি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত। খুর্শেদুল অবশ্য বলেছেন, তিনি জামিনে আছেন। হত্যা মামলার ব্যাপারে আপস হচ্ছে।
আরেক সহসভাপতি রাসেন্দ্র চন্দ্র দাশ বিবাহিত ও এক সন্তানের জনক। এ ছাড়া সাংগঠনিক তৎপরতায় নেই এমন ২৫-৩০ জন এবং ২৯ বছরের বেশি বয়সের ২০ থেকে ২৫ জনকে নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
জানা যায়, সভাপতি ও সম্পাদকসহ প্রথম যে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়, সেই কমিটি আড়াই বছর আগে ১৫৭ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠায়। কিন্তু তা আমলে না নিয়েই কেন্দ্রের দায়িত্বে থাকা হবিগঞ্জের ওই সাত নেতা নিজেদের ইচ্ছেমতো এ কমিটি গঠন করেন। তাঁদের কারণেই নতুন এ কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় নেতারা গঠনতন্ত্র লঙ্ঘন করলে সংগঠন পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। যোগ্যতার ভিত্তিতে সংগঠন না সাজালে পরবর্তী সময়ে নেতৃত্বে সংকট দেখা দেবে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় সাত নেতার পছন্দের কমিটি গঠনের অভিযোগ সত্য নয়। জেলা কমিটির সঙ্গে সমন্বয় করেই এ কমিটি গঠন করা হয়েছে।’ খুনের মামলার আসামি, বয়স্ক ও বিবাহিত নেতাদের বিষয়ে তিনি বলেন, অনেক যাচাই-বাছাই করার পরও কিছুটা সমস্যা থাকতে পারে। তাই বলে এখানে প্রভাব খাটানো হয়নি।