কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি তালিকা জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মতৈক্যে পৌঁছাতে পারেননি স্থানীয় নেতারা। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে পৃথক তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।
দলটির একাধিক সূত্র জানায়, দলীয়ভাবে ইউপি নির্বাচনের ঘোষণার পর থেকেই প্রার্থী নির্বাচন নিয়ে সাভার আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ এনামুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। অপর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, এক মাস ধরেই আলী হায়দার বিভিন্ন ইউনিয়নে প্রার্থী বাছাই করে আসছিলেন। এ কাজে তাঁকে সহায়তা করেন সাংসদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের অনেক নেতাকে উপেক্ষা করে গত শনিবার আলী হায়দার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা জমা দেন।
কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১২টি ইউনিয়নের প্রতিটির প্রার্থী চূড়ান্ত করে তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটটিতে এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও তিনটিতে পাল্টা প্রার্থীর তালিকা দিয়েছেন।
নেতারা জানান, আলী হায়দারের তালিকায় পারভেজ দেওয়ানসহ আশুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ইয়ারপুর ইউপির চেয়ারম্যান সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া এবং শিমুলিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আজাহারুল ইসলামের নাম নেই। মূলত এসব নেতাকে বাদ দেওয়াতেই দলের বিভক্তি প্রকাশ্য রূপ নেয়।
মঞ্জুরুল আলম বলেন, দলের ভালো-মন্দ বিবেচনা না করে নেতারা আর্থিক অনিয়মে জড়িয়ে তাঁদের পছন্দের প্রার্থী চূড়ান্ত করেছেন। এ কারণে হাসিনা দৌলা গতকাল রোববার আট ইউনিয়নের প্রার্থীদের তালিকা জমা দিয়েছেন। আগের দিন খাদ্যমন্ত্রী তাঁর সংসদীয় এলাকা তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের তালিকা জমা দেন। এতে আলী হয়দারের সম্মতি না থাকলেও হাসিনা দৌলার সমর্থন রয়েছে।
বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ অভিযোগ করেন, আলী হায়দার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কবজায় নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করেছেন বলে জানান।
আশুলিয়া ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিনের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে বাদ দিয়ে শাহাব উদ্দিনের নাম দেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
জানতে চাইলে আলী হায়দার বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূলের অধিকাংশ নেতার মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রভাবিত হয়ে কাউকে প্রার্থী করা হয়নি। তিনি বলেন, তৃণমূলের অধিকাংশ নেতার সমর্থন উপেক্ষা করে যাঁরা পৃথক তালিকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ রয়েছে।
হাসিনা দৌলা বলেন, তিনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত না নিয়ে আলী হায়দার তালিকা করেছেন। ওই তালিকায় দলের জনপ্রিয় নেতা ও কয়েকজন বর্তমান চেয়ারম্যান বাদ পড়েছেন। এ কারণে দলীয় স্বার্থের কথা চিন্তা করে পৃথক তালিকা দেওয়া হয়েছে।
যোগাযোগ করলে সাংসদ এনামুর রহমান বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় তাঁকে যুক্ত করা হয়নি। তবে যাঁদের বিষয়ে অধিকাংশ তৃণমূল নেতার সমর্থন থাকবে, তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে।
শেষ ধাপে আগামী ৪ জুন সাভারে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।