কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের লম্বা সারি দেখা যায়নি। গতকাল বেলা আড়াইটায় ঝাকুনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের লম্বা সারি দেখা যায়নি। গতকাল বেলা আড়াইটায় ঝাকুনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি l প্রথম আলো

প্রথম নির্বাচন হওয়ার পরও সিলেটের নতুন উপজেলা ওসমানীনগরে গতকাল সোমবার ভোটার উপস্থিতি কম ছিল। উপনির্বাচন হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা ছিল না। এ কারণে অনেকেই কেন্দ্রে আসেননি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ উপনির্বাচনেও উল্লেখযোগ্য পরিমাণ ভোটার ভোট দিতে যাননি। তবে বিএনপির প্রার্থী ও তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তাঁদের ভোটারদের বাড়ি গিয়ে কেন্দ্রে আসতে নিষেধ করে দিয়েছেন এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী ময়নুল হক চৌধুরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ২০ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৮৭৮ ভোট। এর বাইরে নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৬৮ ভোট পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত মুহাম্মদ আতাউর রহমান তৃতীয় হয়েছেন।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৯১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ২৫ হাজার ১৯৮ ভোট।
উপজেলা ঘোষণার পর প্রথম নির্বাচন। তাই উৎসবের আমেজ ছিল। কিন্তু নির্বাচন-পূর্ব সহিংসতায় জোড়া খুনের ঘটনায় ভোটারদের মনে উৎসবের বদলে উৎকণ্ঠা ভর করে। এ কারণে সিলেটের নতুন উপজেলা ওসমানীনগরের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।
গতকাল সকাল নয়টা ২৮ মিনিটে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০টি ভোটকক্ষের মধ্যে ৩ নম্বর কক্ষের সামনে ছয়জন নারী ভোটার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। বাকি কক্ষের সামনে কোনো ভোটার ছিলেন না।
ভোটারদের কম উপস্থিতির কারণ সম্পর্কে আওয়ামী লীগের পোলিং এজেন্ট আব্দুল মানিক ও বিএনপির পোলিং এজেন্ট মো. আলতাফ জানান, গত ইউপি নির্বাচনেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। এ অবস্থায় উপজেলা নির্বাচনে আগে জোড়া খুনের কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম হয়েছে। তাঁরা আরও জানান, সকাল ১০টা পর্যন্ত তাঁদের কক্ষে মাত্র সাতটি ভোট পড়েছে।
‘ঘড়ির কাঁটায় তখন বেলা সোয়া ১১টা। কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে তখন পর্যন্ত ভোট পড়েছিল ৩২টি। ওই কক্ষে ভোটারসংখ্যা ৫৩৭। দুপুর ১২টা ২৮ মিনিটে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে ভোট পড়েছে ২০টি। ওই কক্ষে ভোটার ৩২৬ জন। দুটি ভোটকেন্দ্রেই কোনো ধরনের সারি ছিল না। কেন্দ্রগুলো ছিল ফাঁকা। শুধু বাখরাবাদ ও বলরামপুর নয়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি তেমনটা চোখে পড়েনি। দুপুরে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মো. বাবু (৩০) নামের এক তরুণকে জাল ভোট দেওয়ার চেষ্টা করার অভিযোগে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেরিনা ইয়াসমিন।
‘জগন্নাথপুরে আগে অনেক নির্বাচন দেখছি। কিন্তু এত ঠান্ডা নির্বাচন আর অইছে না। নির্বাচন নিয়া মানুষের কোনো উৎসাহ-উদ্দীপনা আছিল না।’ বেলা দেড়টায় উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে কথাগুলো বলছিলেন হরিহরপুর গ্রামের বাসিন্দা ইর্শাদ আলী। তখন ওই কেন্দ্রের ২ হাজার ৯৮৪টি ভোটের মধ্যে পড়েছে মাত্র ৬৮৭টি। আর ভোট গ্রহণ শেষে সেই সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৬৭।
শুধু এই কেন্দ্রে নয়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার অন্তত ১৮টি কেন্দ্র ঘুরে একইভাবে ভোটারদের কম উপস্থিতির চিত্র দেখা গেছে।
ভোটারদের কম উপস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন বলেন, ‘হঠাৎ করে নির্বাচন হওয়া একটা কারণ। আমরা আসলে সব জায়গায় যেতে পারিনি। এ কারণেই ভোটারদের মধ্যে উৎসাহটা কম।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও সিলেট এবং সুনামগঞ্জ অফিস)