সংসদে প্রশ্ন
কেন্দ্রে ভোটার না গেলে ইসি দিয়ে কী হবে
মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন না, এটি এখন সবচেয়ে বড় জাতীয় সংকট।
বর্তমান নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে জাতীয় সংসদে বিরোধী দলের সাংসদেরা বলেছেন, এক দিনের যে গণতন্ত্র ছিল, সেটাও বিলীন হয়ে যাচ্ছে। নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না যান, তাহলে নির্বাচন কমিশন (ইসি) দিয়ে কী হবে, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।
গতকাল শনিবার দুপুরে সংসদে যখন এই আলোচনা চলছিল, তখন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছিল। সেখানেও ভোটার উপস্থিতি ছিল কম। মূলত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। এ অবস্থার জন্য বর্তমান নির্বাচন কমিশন দায়ী—এই অভিযোগ করে আসছে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল। দেশের বিশিষ্ট নাগরিকেরাও নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন।
গতকাল জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১ পাস হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির দুজন এবং জাতীয় পার্টির (জাপা) একজন সাংসদ নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
জাপার সাংসদ শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। একদিনের যে গণতন্ত্র ছিল, সেটাও বিলীন হয়ে যাচ্ছে। সংসদে বিরোধী দল দাঁড়াতে না পারলে সরকার অত্যাচারী হয়ে যেতে বাধ্য। ‘অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি’ (নিরঙ্কুশ ক্ষমতা সর্বগ্রাসী দুর্নীতির জন্ম দেয়) সে রকম হোক, তা তাঁরা চান না।
বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাপার এই সাংসদ বলেন, ‘সীমানা নির্ধারণের আগে আমাদের দেখা দরকার মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন কি না? আজও (গতকাল) সিলেটে ভোট হচ্ছে, কতজন কেন্দ্রে যাবেন, জানি না। মানুষ যদি ভোটকেন্দ্রে না যান, তাহলে সীমানা নির্ধারণ করে কী করব, ইলেকশন কমিশন বা বাজেট দিয়ে কী করব?’ তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তারা ক্ষমতার বাস্তবায়ন করে না। মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন না, এটি সবচেয়ে বড় জাতীয় সংকট।
ওনারা তো কোনো দিন সুষ্ঠু নির্বাচন করেননি।আনিসুল হক আইনমন্ত্রী
২০১৪ সালের একতরফা জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই মূলত ভোটের প্রতি মানুষের একধরনের অনাগ্রহ তৈরি হয়েছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, বিভিন্ন নির্বাচনে নানা অনিয়ম ও জবরদখলের ঘটনায় নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোটের ফল নির্ধারণে ভোটারদের গুরুত্ব নেই—এমন একটি ধারণা তৈরি হয়েছ। এ কারণে বড় অংশের ভোটারের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এখন ভোটের ফল নিয়ে সাধারণ মানুষের খুব বেশি মাথাব্যথা নেই। কারণ, এখানে তাঁদের পাওয়ারও কিছু নেই। তা ছাড়া মানুষ কোনো ঝামেলায় জড়াতে চান না। ব্যক্তিগত নিরাপত্তাই এখন মানুষের কাছে প্রধান। এটাকেই বড় করে দেখছেন তাঁরা। বলা যায়, আস্থা বা নিরাপত্তাহীনতার কারণেই মানুষ গণতন্ত্রবিমুখ হয়ে পড়ছেন।
মানুষ কবে প্রত্যক্ষ ভোট দিতে পারবে, তা ‘আল্লাহ মালুম’।রুমিন ফারহানা সংরক্ষিত আসনের সাংসদ বিএনপি
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮০ শতাংশ। তবে সে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক আছে। বিএনপির অভিযোগ, অনেকগুলো কেন্দ্রে ভোটের আগের রাতে আওয়ামী লীগ ব্যালট বাক্স ভর্তি করে রেখেছিল। ওই নির্বাচনে ১০৩টি আসনের ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। এই নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে।
গতকাল সংসদে পাস হওয়া নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনে বলা হয়েছে, সীমানা নির্ধারণ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই বিধান বাতিলের প্রস্তাব করে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, নির্বাচন কমিশন এখন আস্থাহীন জায়গায় দাঁড়িয়ে গেছে। এর মধ্যে নির্বাচনের ক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটে, তাহলে প্রার্থী যাবেন কোথায়? এ আইন অসম্পূর্ণ। অবশ্যই আইনে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ দিতে হবে।
আইন প্রণয়নের আলোচনায় সংরক্ষিত নারী আসনের বিএনপির সাংসদ রুমিন ফারহানা বলেন, সংবিধানে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের কথা বলা আছে। প্রত্যক্ষ নির্বাচন কেমন, তা ২০১৪ সালের ৫ জানুয়ারি দেখা গেছে। একটা ভোট পড়ার আগেই সরকার গঠনে প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন আওয়ামী লীগ পেয়ে গিয়েছিল। ভবিষ্যতে মানুষ কবে প্রত্যক্ষ ভোট দিতে পারবে, তা ‘আল্লাহই মালুম’।
রুমিন বলেন, এখন ভোটার দিবস, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ—এসব কথা শোনা যায়। ২০১৮ সালের নির্বাচনের পর এসবের আর প্রাসঙ্গিকতা আছে কি না, সে প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়েও কথা বলেন রুমিন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন থাকতেই হবে। এই আইনের ভিত্তিতে ইসি গঠন করতে হবে, এটা বাধ্যতামূলক। এ ছাড়া নির্বাচন কমিশন গঠন অসাংবিধানিক।
বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানের বিধানমতে কোনো অন্যায় হলে তা দেশের সুপ্রিম কোর্টে তোলা যাবে। সেই আইন সব সময় বলবৎ আছে। বিএনপির মতো মার্শাল ল দিয়ে এটা বাতিল করা হয়নি। কিন্তু নির্বাচন করার জন্য যদি কোনো কাজ কমিশন করে, তখন নির্বাচনটিকে স্থগিত করার জন্য সঙ্গে সঙ্গে কোর্টে যাওয়া যাবে না। নির্বাচনটি সুষ্ঠুভাবে করার জন্য এই বিধান প্রয়োজন।
বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘ওনারা তো কোনো দিন সুষ্ঠুভাবে নির্বাচন করেননি, ওনারা এটা বুঝবেন না।’
একদিনের যে গণতন্ত্র ছিল, সেটাও বিলীন হয়ে যাচ্ছে।শামীম হায়দার পাটোয়ারী সাংসদ, জাপা
নির্বাচনী ব্যবস্থা এবং ভোটার উপস্থিতি কমে যাওয়া নিয়ে বিরোধী দলের সাংসদেরা প্রশ্ন তুললেও আইনমন্ত্রী এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে গুরুতর অসদাচরণ, অনিয়মসহ ৯টি সুনির্দিষ্ট অভিযোগ এনে তা তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি তাঁরা দ্বিতীয় দফায় আরেকটি চিঠি রাষ্ট্রপতিকে দেন। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছ থেকে কোনো উত্তর তাঁরা পাননি।
নির্বাচনী ব্যবস্থা ও ভোটের প্রতি মানুষের আস্থা কমে যাওয়া নিয়ে সংসদে বিরোধী দলের সদস্যদের আলোচনার বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ভোটারদের মধ্যে এমন ধারণা সৃষ্টি হয়েছে, ক্ষমতাসীন দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই জয়ী হবেন। ফলে ভোট দিতে যাওয়া-না যাওয়াতে কিছু আসে যায় না। ভোট এখন অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তবে নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র সাংবিধানিক পথ। এটি রুদ্ধ হয়ে গেলে অশান্তিপূর্ণ ও অসাংবিধানিক পথে ক্ষমতা বদলের সুযোগ তৈরি হয়, এটি কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।