কেবল আগামীবার নয়, পরেরবারও হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কেবল আগামীবার নয়, এর পরেরবারও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এর ব্যত্যয় হলে বাংলাদেশের সবকিছুই বিঘ্নিত হবে।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সব কটি ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা-চেতনা থেকে উদ্ভূত হয়েছে। তাঁরা কেবল সহায়তা করছেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ। এইচ টি ইমাম এতে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, শেখ হাসিনা কোথায় চলে গেছেন, এটা চিন্তা করেন। তিনি এখন কোথায়? বিশ্বনেতাদের সমপর্যায়ে চলে গেছেন। তিনি বলেন, ‘আগে গ্রামে গেলে মানুষ চাইত আমাকে দুইটা লুঙ্গি দেন, খাবারের ব্যবস্থা করে দেন। আজকে বলে আমাদের ল্যাপটপ দেন, কম্পিউটার দেন, বিদ্যুৎ দেন। এই পরিবর্তন সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।’
সেমিনারে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক অনুপম সেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।