২০০৪ সালের সম্মেলনের পর থেকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। ২০১৪ সালের সম্মেলনের পরও অবস্থার পরিবর্তন হয়নি।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব গেছে দুটি। ফলে সাত মাস ধরে কমিটির অনুমোদন আটকে আছে। জেলায় বিবদমান দুই পক্ষ আগের মতোই আলাদাভাবে দলের কর্মসূচি পালন করছে। দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলায়ও দ্বন্দ্ব প্রকাশ্য।
দলের নেতা-কর্মীরা বলেন, বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ১০ বছর পর জেলা সম্মেলন হয়েছে। ২৫ নভেম্বর কেন্দ্রীয় নেতারা খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আজগর আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। জ্যেষ্ঠ সহসভাপতি করা হয় রবিউল ইসলামকে।
একই দিন শহরের আড়ুয়াপাড়ায় দলের কার্যালয়ে জড়ো হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি পৌরসভার মেয়র আনোয়ার আলীর অনুসারীরা। তাঁদের সঙ্গে জেলা ও উপজেলার অন্য নেতারাও যোগ দেন। তাঁরা সেখানে সংবাদ সম্মেলন করে আনোয়ার আলীকে সভাপতি ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের পাল্টা কমিটি ঘোষণা করেন। দুই পক্ষই কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব পাঠায়।
গত ৫ জানুয়ারি সদর উদ্দিন ও আজগর আলীর নেতৃত্বে শহরে মিছিল করেন নেতা-কর্মীরা। পরে তাঁরা শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করেন। ওই দিন বিকেলে আনোয়ার আলী ও আবদুর রউফের নেতৃত্বে একটি সমাবেশ হয় পৌরসভার বিজয় উল্লাস চত্বরে। দুই পক্ষই জেলা আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি পালন করে।
৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালের প্রতিবাদে ১৪ দলের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি দেওয়া হয়। ওই দিন শহরের মজমপুর গেট থেকে শাপলা চত্বর পর্যন্ত মানববন্ধন করেন সদর উদ্দিনের অনুসারীরা। আর সাংসদ আবদুর রউফ নিজ নির্বাচনী এলাকা কুমারখালীতে বিশাল সমাবেশ করেন। ওই দিন বিকেলে শহরের বড় বাজারেও মানববন্ধন ও সমাবেশ করেন তিনি।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দীনের সঙ্গে বর্তমান সাংসদ ও দলের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর সম্পর্ক ভালো নয়। একই অবস্থা কুমারখালীতেও। সেখানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বর্তমান সরকারদলীয় সাংসদ আবদুর রউফের বিরোধ চলছে। এই দুই উপজেলায় বিভক্ত হয়ে চলছে দল।
সাধারণ নেতা-কর্মীরা বলেন, পরিস্থিতি যা-ই হোক, এখন জেলার রাজনীতি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফকে ঘিরেই চলছে। শহরের এন এস রোডে সম্প্রতি করা বিশাল কার্যালয় থাকলেও হানিফের শহরের বাড়ির সামনেই নেতা-কর্মীদের ভিড় বেশি। সেখান থেকে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হানিফের আত্মীয় আতাউর রহমান সবকিছু পরিচালনা করেন। শহর কমিটির নেতা হয়েও সদর উপজেলার রাজনীতি এখন তাঁর নিয়ন্ত্রণে।
একাধিক নেতা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আতাউর রহমান। তাঁর কারণে জেলা ও উপজেলায় ভবিষ্যতে বিভেদ বাড়বে বলে মনে করেন তাঁরা।
আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র সাংসদের নির্বাচনী এলাকা সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখভাল করেন তিনি। জেলার রাজনীতি নিয়ন্ত্রণের অভিযোগ সঠিক নয়। যারা অভিযোগ করেছেন তাঁরা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটা অংশ। তাঁদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।
আরেক পক্ষের সভাপতি আনোয়ার আলী প্রথম আলোকে বলেন, তিনিই জেলার সভাপতি ছিলেন। অথচ তাঁকে সম্মেলনের আমন্ত্রণপত্রও পাঠানো হয়নি। তিনি বলেন, কেন্দ্রে কমিটি পাঠানো হয়েছে। নেত্রী (শেখ হাসিনা) যাঁকে দায়িত্ব দেবেন, তিনি তা মেনে নেবেন। নেত্রীর বাইরে যাওয়ার উপায় নেই।
সম্মেলনে ঘোষিত জেলা কমিটির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত সভাপতি সদর উদ্দিন খানের নামেই দলীয় অনুষ্ঠানের ৩০-৩২টি চিঠি এসেছে। তাই নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। তিনি অভিযোগ করেন, আনোয়ার আলী রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করছেন। বিরোধ যা-ই হোক, একসঙ্গে রাজনীতি করা উচিত। তিনি বলেন, যাঁরা বাধা দেবেন, তাঁদের লাগাম টানা হবে।
সম্মেলনে ঘোষিত সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, এখানে এক পক্ষের বিরোধিতা করা দীর্ঘদিনের অভ্যাস।
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন বলেন, দলের জন্য কেউ ভাবছেন না। সবাই লুটপাটে ব্যস্ত। জোর করে সবকিছু করার চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিলুপ্ত কমিটির একাধিক নেতা বলেন, কয়েকজন নেতা মিলে দল পরিচালনা করছেন। সবাইকে নিয়ে একটি ভালো কমিটি হলে জেলা আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী হবে।