ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল ১২ আগস্ট, শুক্রবার ছিল আরাফাত রহমানের ৪৬তম জন্মবার্ষিকী। সন্ধ্যায় বনানী কবরস্থানে গিয়ে খালেদা জিয়া প্রয়াত ছেলের জন্য দোয়া ও মোনাজাত করেন।
জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বড় বোন সেলিনা ইসলাম, বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।
এদিকে আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানী কবরস্থান প্রাঙ্গণে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। পরে তিনি কোকোর কবর জিয়ারত করেন। এ সময় নবনিযুক্ত ক্রীড়া সম্পাদক আমিনুল হকসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতারা অভিযোগ করেন, এক-এগারোর সময় নির্যাতনের কারণে আরাফাত রহমানের মৃত্যু হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক-এগারোর সময় খালেদা জিয়া, তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি। তিনি অসুস্থ ছিলেন। তারপরও তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের ফলে কোকো আরও অসুস্থ হয়ে পড়েন। পরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নির্যাতনের কারণেই তাঁকে হারাতে হয়েছে।
কোকোর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশ নেওয়ার কথা উল্লেখ করে মোশাররফ বলেন, এত বড় জানাজা প্রমাণ করে দেশের মানুষ জিয়া পরিবারকে কত ভালোবাসে।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরাফাত রহমানের জানাজা ঐতিহাসিক ছিল বলে মন্তব্য করেন। তিনি দলের নতুন কমিটি গঠনের পর যেসব নেতা মনঃক্ষুণ্ন হয়েছেন, তাঁদের আরও ধৈর্য ধরার পরামর্শ দেন। বলেন, যথাসময়ে তাঁদের মূল্যায়ন করা হবে।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।