কোকোর মৃত্যুর জন্য নজরুল দুষলেন তত্ত্বাবধায়ক সরকারকে
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর জন্য পরোক্ষভাবে এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ওই সরকার কোকোকে গ্রেপ্তার করে মানসিক নিপীড়ন না চালালে হয়তো এত তাড়াতাড়ি তাঁর মৃত্যু হতো না।
কোকোর মৃত্যুর পর সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়াকে ‘লোক দেখানো’ ছিল বলেও দাবি করেন নজরুল ইসলাম।
আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে নজরুল এসব কথা বলেন। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল ওই দোয়া মাহফিলের আয়োজন করে। এর আগে গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কোকোর মৃত্যুর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে বক্তব্য দেন।
নজরুল ইসলাম খান বলেন, কেন আরাফাত রহমান কোকোকে অকালে জীবন দিতে হলো? তথাকথিত এক এগারোর অসাংবিধানিক সরকারের আমলে খালেদা জিয়াকে দুর্বল করার জন্য, সরকারের বৈধতার ব্যাপারে খালেদা জিয়ার সমর্থন আদায়ের জন্য তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। এটা ছিল প্রাথমিক ইচ্ছা। তাদের চূড়ান্ত ইচ্ছা ছিল জিয়া পরিবারকে ধ্বংস করা।
নজরুল ইসলাম বলেন, কোকোকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাঁর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। শারীরিকভাবে অসুস্থ কোকোর ওপর মানসিক নিপীড়ন চালানো হয়েছে। আদালতের নির্দেশক্রমে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাজা দেওয়া হয়েছে। মানসিকভাবে পীড়ন দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা নিশ্চয় বলতে পারি, যদি কোকোকে মানসিক পীড়ন দেওয়া না হতো, চিকিৎসা দেওয়া হতো, গ্রেপ্তার করে নিপীড়ন চালানো না হতো তাহলে হয়তো এত দ্রুত তিনি মৃত্যুমুখে পড়তেন না।’
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহও কোকোর মৃত্যুর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেন।
কোকোর মৃত্যুর পর সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়াকে ‘লোক দেখানো’ বলে দাবি করেন নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকবেন না তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কারণ প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানে আগে থেকেই তাঁর নিরাপত্তাবাহিনী এসএসএফের সদস্যরা অবস্থান নেন, পর্যবেক্ষণ করেন। কিন্তু সেদিন এসএসএফ ওই কার্যালয়ে ঢোকেনি।
দোয়া মাহফিলে ছাত্রদলের সহসভাপতি এজমাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহ-স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।