সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। ওই দিনই বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে।
গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে কোকোকে কোথায় দাফন করা হবে, তা গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয়নি।
দলের বিজ্ঞপ্তিতে সোম, মঙ্গল ও বুধবার বিএনপি দেশব্যাপী শোক দিবস পালন করবে বলেও জানানো হয়েছে। শোক দিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া বুধবার সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কোকো গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা যান। গতকাল রোববার জোহরের নামাজের পর কুয়ালালামপুর কেন্দ্রীয় মসজিদ নাগারায় কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে কুয়ালালামপুর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। কোকোর মরদেহ দেশে আনতে বাংলাদেশ থেকে তাঁর মামা শামীম এস্কান্দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী মালয়েশিয়া গেছেন।
কথা বলছেন না খালেদা: এদিকে ছোট ছেলের মৃত্যুর খবর পাওয়ার ২৪ ঘণ্টা পরও বিএনপির নেত্রী খালেদা জিয়া শোকে নির্বাক। তিনি তাঁর গুলশান কার্যালয়ের নিজ কক্ষে অবস্থান করছেন। তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ছেলের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন প্রচণ্ড আঘাত পেয়েছেন। কারও সঙ্গেই কথা বলছেন না। পরিবারের সদস্যদের বাইরে কারও সঙ্গে তিনি দেখা করেননি।
এর আগে গত শনিবার শিমুল বিশ্বাস জানিয়েছিলেন, অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে ওই দিন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ওই কার্যালয়ের এক কর্মকর্তা জানান, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ঘুম ভাঙে।
কূটনীতিক ও রাজনীতিকদের সমবেদনা: কোকোর মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে একটি শোকবই খোলা হয়েছে। এতে শোক ও সমবেদনা জানিয়ে বিভিন্ন কূটনৈতিক ও রাজনীতিকসহ বিশিষ্টজনেরা সই করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গতকাল তাঁর গুলশানের কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত ডেভিড মিলি, ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর সামিনা মাহতাব, সৌদি দূতাবাসের খালিদ সুলতান আল উতাইরি ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাহের মোহাম্মদ। এ ছাড়া সুইডেন, মিসর, কাতার, চীন ও সিঙ্গাপুর দূতাবাসের কূটনীতিকেরা সেখানে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।
কূটনীতিকদের গুলশানের কার্যালয়ে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
এ ছাড়া সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে গেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াকিল আহমেদ, কবি ও লেখক ফরহাদ মাজহার, সাবেক সাংসদ ফজলুল আজিম প্রমুখ।
আওয়ামী লীগের শোক: বিএনপির নেত্রীর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ। দলটি মরহুমের আত্মার শান্তি কামনা করে আশা প্রকাশ করেছে, বিএনপি তাদের সব ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করবে। গতকাল দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ দলের পক্ষে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।