কোণঠাসা সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা আওয়ামী লীগের কমিটির বয়স নয় বছর। কিন্তু কোণঠাসা সভাপতি দলীয় কার্যালয়ে বসেন না পাঁচ বছর। সর্বেসর্বা সাধারণ সম্পাদকের দল ভারী। তবে দলীয় কর্মকাণ্ডে তথৈবচ অবস্থা। দল ক্ষমতায় থাকার পরও গত ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়নি ভোলায়।
দলীয় সূত্র জানায়, ২০০৭ সালের সেপ্টেম্বরে ফজলুল কাদেরকে সভাপতি ও আবদুল মমিনকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। এক বছরের মধ্যেই দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। ২০১০ সালে তা এমন পর্যায়ে পৌঁছে যে সভাপতি বাংলা স্কুলের মোড়ে দলের কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তিনি পরে নতুন বাজার এলাকায় সমবায় মার্কেটে আলাদা একটি কার্যালয় নিয়ে সেখানে বসেন।
দলীয় সূত্র জানায়, এক-এগারোর পর ইউসুফ হোসেন হুমায়ুন কেন্দ্রীয় আওয়ামী লীগে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এরপর ২০০৮ সালের সম্মেলনে তিনি সভাপতিমণ্ডলীর সদস্য হন। ওই বছর জাতীয় নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বিজয়ী হতে পারেননি তিনি। সে সময় জেলায় ফজলুল কাদের পক্ষ শক্তিশালী হয়ে ওঠে। ২০১৩ সালে ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতিমণ্ডলী থেকে উপদেষ্টা পরিষদে ঠাঁই পান।
স্থানীয় নেতারা জানান, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন্দলের কারণে দুই পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। ২০১০ সালে ভোলা পৌরসভা নির্বাচনে দুই নেতা আলাদা আলাদা প্রার্থীর পক্ষে অবস্থান নিলে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এরপর দুই পক্ষ থেকে সদর উপজেলায় দুটি কমিটি ঘোষণা করা হয়। ফজলুল কাদের সমর্থিত কমিটির সভাপতি হামিদুল হক ওরফে বাহালুল মোল্লা ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অন্যদিকে আবদুল মোমিন সমর্থিত কমিটিতে মোশারেফ হোসেন সভাপতি ও নজরুল ইসলাম গোলদার সাধারণ সম্পাদক হন। সদর উপজেলার ১৩টি ইউনিয়নেও দুই পক্ষ আলাদা আলাদা কমিটি করেছে।
হামিদুল হক বলেন, দলে কোনো সাংগঠনিক চর্চা নেই। ২০০১ সালের পর সাংগঠনিক ভীত খুব শক্ত ছিল, সেটি এখন নেই। দলে যাঁরা মেধাবী নেতা ছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। জেলা কমিটির সবাই নিজেদের ব্যবসা ও স্বার্থ নিয়ে ব্যস্ত।
আর, মোশারেফ হোসেন অভিযোগ করেন, ফজলুল কাদের পাঁচ-ছয় বছর ধরে দলীয় কার্যালয়ে আসেন না। সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন না। তিনি চায়ের দোকানে, বইয়ের দোকানে আড্ডা দেন।
দলের স্থানীয় নেতারা জানান, জেলায় এখন ফজলুল কাদেরের পক্ষ একেবারেই কোণঠাসা। কারণ ইউসুফ হোসেন হুমায়ুন স্থানীয় রাজনীতি থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে এই পক্ষের অনেক নেতা-কর্মী আবদুল মোমিনের সঙ্গে ভিড়ে গেছেন।
ফজলুল কাদের বলেন, একটি পক্ষ নিষেধ করার পরে তিনি দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সেটি সালিস-বিচার, তদবির ও ভাগ-বাঁটোয়ারার আখড়ায় পরিণত হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয় না। সময়মতো সম্মেলন না হওয়া ও কোন্দলের বিষয়ে এই নেতা দাবি করেন, পৌরসভার কমিটি হয়নি। সদর উপজেলা কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে। এসব কারণেই জেলা কমিটি হচ্ছে না, তবে কেন্দ্রীয় সম্মেলনের আগেই হয়ে যাবে।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুটি টেবিল, কয়েকটি চেয়ার ও একটি টেলিভিশন আছে। দিনের বেলায় থাকে নেতা ও কর্মীশূন্য। সাধারণ সম্পাদক আবদুল মোমিন সন্ধ্যার পর কার্যালয়ে বসেন। তবে নেতা-কর্মীদের খুব একটা দেখা যায় না। দলীয় চিঠি, বইপত্র, পোস্টার-লিফলেট ও কেন্দ্রীয় নির্দেশনা আসে জেলা সভাপতির কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদের নেতারা জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বসে গেছেন। সাংগঠনিক চর্চা ও মাসিক সভা হয় না।
জেলা সাধারণ সম্পাদক আবদুল মমিন দাবি করেন, দলীয় কর্মকাণ্ড একেবারে হচ্ছে না, এটা ঠিক নয়। বিভিন্ন দিবস পালিত হচ্ছে। আর নেতা-কর্মী আসুক না আসুক, তিনি প্রতিদিনই অফিসে বসেন। সাংগঠনিক কর্মকাণ্ড রেখে সালিস-বিচার ও ভাগ-বাঁটোয়ারার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সভাপতিকে ফিরিয়ে আনার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি আসেননি। উল্টো বদনাম ছড়াচ্ছেন।