গণ-আন্দোলনের মুখে পতনের ২৫ বছর পূর্তিতে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ প্রশ্ন তুললেন, ‘কোথায় আজ গণতন্ত্র?’ গতকাল রোববার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলে বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কোথায় আজ গণতন্ত্র? ডেইলি স্টার পত্রিকাও লিখেছে গণতন্ত্র কত দূর? জানি না, গণতন্ত্রের মুখ কখন দেখব।’
৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসকে এরশাদের দল জাতীয় পার্টি (জাপা) ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনার আয়োজন করে জাপা। এতে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘প্রথম আলোতে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, আমরা ১৯৯১ সালের পর থেকে কোনো কার্যকর সংসদ দেখিনি। যে ক্ষমতায় গেছে, সে একদলীয় শাসন করেছে। এই হচ্ছে ২৫ বছর পরে আওয়ামী লীগ-বিএনপির চরিত্র।’ তিনি বলেন, সাধারণ মানুষ আজ প্রতিনিয়ত দুঃশাসন, নিপীড়ন-নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘পৌরসভা নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। একটা কথা আমি বারবার বলি, এই নির্বাচনে সব পৌরসভায় আওয়ামী লীগ হেরে গেলেও ক্ষমতা তাদের যাবে না। কিন্তু আমরা কী আশা করি, তোমরা কী আশা কর? সুষ্ঠু নির্বাচন হবে?’ তিনি প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলেন, ‘তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। এক্স-রে তে ডাক্তার তাঁর মেরুদণ্ড খুঁজে পায়নি। এক্স-রে তে মেরুদণ্ড আসেনি। হাসির কথা না, সত্য কথা। মেরুদণ্ডহীন মানুষ। আপনি সুষ্ঠু নির্বাচন করে দেখান আপনার মেরুদণ্ড আছে।’
এরশাদ বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশে দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতি বাড়ছে। কোথায় যাচ্ছে সম্পদ, কীভাবে যাচ্ছে। আমরা সবই জানি। কিন্তু আমাদের বলার সাহস নাই।’
জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এস এম ফয়সাল চিশতী, দেলোয়ার হোসেন খান প্রমুখ।