বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে বলে স্বীকার করেছেন সাংসদ এম এ লতিফ। তিনি বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মহল কোথাও কোথাও আমার ছবিতে জাতির জনকের মুখমণ্ডল স্থাপন করে ছবি বিকৃত করেছে।’ তাঁর দাবি, ছবি বিকৃত করার সঙ্গে তিনি যুক্ত নন। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের তিনি খুঁজে বের করবেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) সাংসদ এম এ লতিফ। চট্টগ্রাম চেম্বার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এম এ লতিফ বলেন, ‘ফেসবুকে এটা দেখার পরে (বিকৃত ছবির ফেস্টুন) আমি নিজেও অবাক হয়েছি। আমাকে আহত করেছে। আওয়ামী পরিবারের প্রত্যেক মানুষকে আহত করেছে। আমি প্রয়োজনে এই অপকর্মের সঙ্গে কারা জড়িত, তাদের খুঁজে বের করবই।’ ছবি বিকৃতির ঘটনায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষেরা কষ্ট পাওয়ায় তাঁদের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন তিনি।
গত ৩০ জানুয়ারি বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বঙ্গবন্ধুর ছবিসহ ফেস্টুন টাঙানো হয় নগরের বিভিন্ন এলাকায়। ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এ নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পর ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এম এ লতিফের সংসদ সদস্য পদ বাতিল করাসহ তাঁর বিচার দাবি করেন। চট্টগ্রাম আদালতে এম এ লতিফের বিরুদ্ধে মানহানির মামলা হয়। সামাজিক যোগাযোগ-মাধ্যমেও সাংসদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
সংবাদ সম্মেলনে সাংসদ বলেন, ‘আমার যদি বিন্দুমাত্র সংশ্লিষ্টতার প্রশ্ন থাকত, তাহলে আমার নিজের পোস্টারে আমার ছবি কি দিতে পারতাম না? এই গর্হিত কাজ কী কারণে আমি করব?’ তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে দীর্ঘ সাত বছর একটি মহল আমাকে নানাভাবে হেনস্তা করছে।’ তাঁরা কারা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কারও নাম উল্লেখ করেননি।
চট্টগ্রাম চেম্বার থেকে গতকাল সকাল ১০টায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সম্মেলন করার বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানের চিঠিতে বলা হয়, বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন ও চেম্বারের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানমালার সফল সমাপ্তি এবং জাতির জনকের ছবি নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে অবহিতকরণের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। চিঠিতে চেম্বারের শতবর্ষ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান এম এ লতিফের স্বাক্ষর ছিল।
বঙ্গবন্ধুর ছবি বিকৃতি নিয়ে ওঠা অভিযোগের জবাব দিতে চেম্বার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এম এ লতিফ বলেন, ‘চেম্বারের শতবর্ষ অনুষ্ঠানের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। এই উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর একটি অংশ ছিল ফেস্টুন টাঙানো। সব কাজ আমরা (চেম্বারের পরিচালকেরা) সম্মিলিতভাবে করেছি। এখানে চেম্বারের পরিচালকেরা উপস্থিত আছেন।’
সংবাদ সম্মেলনে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ বক্তব্য দেন।