কোনো হত্যাকাণ্ডেরই কিনারা হচ্ছে না: নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো হত্যাকাণ্ডেরই কিনারা না হওয়ায় মানুষ হতাশ-নিরাশ হয়ে যাচ্ছে। এ সরকারের বিচারের ওপর মানুষের কোনো ভরসা নেই। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ লেবার পার্টি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও ন্যায্য শ্রম মজুরির দাবিতে আয়োজিত ওই শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান।
সরকার আসল খুনিদের আড়াল করার চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে খুনি বা জঙ্গি ধরার জন্য বিএনপি সহায়তাও করতে রাজি আছে। এরপরও শুধু রাজনৈতিক কারণে আসল খুনিদের আড়াল করার যে চেষ্টা, এর কারণ কী, সেটাই তদন্তের বিষয়।’
বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন মানুষ মরছে আর মরছে। অপঘাতে মৃত্যু হচ্ছে। কোনো ঘটনা ঘটলেই বলে দেওয়া হচ্ছে, এটা বিএনপি-জামায়াত করছে। একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পর্যায় থেকে রায় দিয়ে দেওয়া হয়, এর জন্য দায়ী অমুক। তাহলে তদন্তে যা-ই পাওয়া যাক না কেন, অধস্তন কোনো কর্মকর্তার সাহস আছে যে এর বাইরে অন্য কোনো রিপোর্ট করবেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘এ ধরনের তদন্ত ও বিচারকে প্রভাবিত করার কারণেই হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। যারা অপরাধী, তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে পার পাওয়ার জন্য। তাই বলব, এ ধরনের কথা বন্ধ করুন।’ তিনি আ​রও বলেন, ‘আজ তনুর বাবা বলেছেন আল্লার কাছে বিচার দিলাম। অর্থাৎ, এ সরকারের বিচারের ওপর কোনো ভরসা নেই। পত্রিকায় দেখলাম অভিজিতের বাবা অজয় রায় বলেছেন, আসলেই সরকারের কোনো আগ্রহই নেই বিচার করার। মানুষ হতাশ-নিরাশ হয়ে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র কী বলল, তা বড় কথা নয়। আমরা কী অনুভব করছি, সেটাই বড়। দেশের মানুষ কোথাও কেউই নিরাপদ না। একটা স্বাধীন দেশে এ পরিস্থিতি প্রত্যাশিত নয়, গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তন দরকার। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এ ধরনের অনিশ্চয়তা দূর করার সুযোগ আছে বলে মনে করি না।’