কোন্দল এবং দুই রকম মামলার ফেরে কার্যক্রমে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জেরে মৌলভীবাজার জেলা বিএনপির দুই পক্ষের বিরুদ্ধে পরস্পরের করা পাল্টাপাল্টি কয়েকটি মামলা ছিল। এর সঙ্গে যোগ হয় গত ৫ জানুয়ারির ঘটনায় পুলিশের করা মামলা। কোন্দল এবং এই দুই রকম মামলার ফেরে জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
জেলা বিএনপির বিবদমান দুটি অংশের একটির নেতৃত্বে জেলা সভাপতি এম নাসের রহমান ও অন্যটির নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক খালেদা রব্বানী। নাসের রহমান প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে। বিরোধ নিরসনে গত মে মাসে দুই পক্ষ বৈঠক করেছে। নিজেদের করা পাল্টাপাল্টি মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সূত্র বলেছে, ২০০৯ সালে জেলা বিএনপির কাউন্সিল হয়। কাউন্সিলে একটি কমিটি গঠন করা হলেও তা কেন্দ্রের অনুমোদন পায়নি। কেন্দ্র প্রস্তাবিত ওই কমিটি সংশোধন করে এম নাসের রহমানকে সভাপতি, খালেদা রব্বানীকে (কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা) সাধারণ সম্পাদক ও মো. আবদুল মুকিতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে। তখন কেন্দ্র থেকে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে সর্বসম্মত পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু দুই পক্ষের মতবিরোধের কারণে এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জেলা বিএনপির কার্যালয়ও নেই। বিভক্ত দুটি অংশের বসার স্থান পৃথক এবং কর্মসূচিও পালন করেছে পৃথকভাবে।
দলের বিভিন্ন স্তরের কয়েকজন নেতা-কর্মী বলেছেন, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অনেক ত্যাগী নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ত্যাগী নেতা-কর্মীরা সঠিক মূল্যায়ন না পেয়ে কাজে উৎসাহ হারিয়ে ফেলেছেন। বর্তমানে কার্যত সাংগঠনিক কোনো তৎপরতাও নেই। দলীয় প্রতিপক্ষের মামলা ও পুলিশের মামলায় গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীদের অনেকেই আত্মগোপনে। দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলার আসামি প্রথম সারির প্রায় সব নেতা-কর্মী। এসব মামলায় অনেকে কারাগারেও গেছেন। ৫ জানুয়ারি পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৩২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
দলীয় সূত্র বলেছে, ৫ জানুয়ারি সংঘর্ষের আগে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশ হয়। এরপর থেকে বিএনপির নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। অনেক নেতা-কর্মী গ্রেপ্তার ও মামলা এড়াতে হয় আত্মগোপনে বা নিষ্ক্রিয় আছেন। কর্মসূচি নেই, নেই সাংগঠনিক তৎপরতাও। এই অবস্থায় দুই পক্ষের অনেক নেতা-কর্মীই হতাশ।
সূত্র আরও বলেছে, বর্তমানে জেলা বিএনপির কার্যালয় নেই। নাসের রহমান অংশ বসে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দানে এবং খালেদা রব্বানী অংশ বসে মৌলভীবাজার পৌরসভার শাহ মোস্তফা সড়কে তাঁর বাসভবনে। তবে মে মাসের শেষ সপ্তাহে নাসের রহমান ও খালেদা রব্বানীর সম্মতিতে দুই পক্ষের নেতৃস্থানীয় প্রতিনিধিরা মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের বাসায় বৈঠক করেন। ময়ূন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খালেদা রব্বানী অংশের অন্যতম নেতা। বৈঠকে দুই পক্ষের মধ্যকার পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ময়ূন এবং নাসের রহমান অংশের অন্যতম নেতা ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ইউসুফ আলীকে উভয় পক্ষের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
ফয়জুল করিম ময়ূন প্রথম আলোকে বলেন, ‘আমরা বসেছিলাম, কেন এই মামলা-মোকদ্দমা, এসবের নিরসন হওয়া দরকার। এতে সভাপতি-সম্পাদকের সম্মতি আছে। আমাদের মানুষ আছে, সমর্থন আছে। সারা দেশে দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে। এই অবস্থায় নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে দলকে সংগঠিত করার চেষ্টা করছি।’ তিনি বলেন, কেন্দ্রীয় কমিটিও নতুন করে চিন্তাভাবনা করছে। সবচেয়ে ভালো হয়, কেন্দ্রীয় কমিটি এসে গণতান্ত্রিকভাবে জেলা কমিটি করে দিলে।
খালেদা রব্বানী অংশের নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘দলীয় গ্রুপিং নিরসন করতে আমরা বসেছিলাম। আমরা চাই দল সুন্দরভাবে চলুক। গণতান্ত্রিকভাবে যে কেউ নেতৃত্বে এলে কারও আপত্তি থাকে না।’
নাসের রহমান অংশের নেতা এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুকিত বলেন, ‘এত দিন দল দুই ধারায় চলেছে। আমরা মামলা-মোকদ্দমা নিরসনের উদ্যোগ নিয়েছি। আশা করি এখন একসঙ্গে চলতে পারব। পূর্ণাঙ্গ কমিটি করতে কেন্দ্র ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক কর্মসূচি নেই। দলীয় ও পুলিশের মামলার কারণে নেতা-কর্মীরা কেউ পলাতক, কেউ আত্মগোপনে। তবে কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। তবে কর্মীদের অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়ার কিছু থাকে না। এতে নেতা-কর্মীরাও হতাশ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি ঢাকায় থাকলেও দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। দলের সভা-সমাবেশে নিয়মিতই উপস্থিত থাকেন।