বগুড়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর কাছে প্রায় ৫৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এর আগের নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু এবার ভোটের ব্যবধান আরও বেড়েছে। এ জন্য আওয়ামী লীগের নেতারা দলের কোন্দলকে দায়ি করেছেন।
আওয়ামী লীগের তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মীর অভিমত, দলের মেয়র প্রার্থী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমকে দলীয় অনেক নেতাই সহযোগিতা করেননি। এটি তাঁর পরাজয়ের বড় কারণ। তবে তাঁরা এও বলেন, তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাই কেন্দ্র দখল ও কারচুপির আশ্রয় নেননি। ফলে নৌকার ভরাডুবি হলেও নীতিগতভাবে রেজাউল করিমের জয় হয়েছে।
হেরে যাওয়ার কারণ সম্পর্কে রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। পৌরসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কখনো নীতি-নৈতিকতাবিরোধী কাজে জড়াইনি। ব্যক্তিগত জনপ্রিয়তার সঙ্গে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার অন্যবারের চেয়ে বেশি সমর্থন পাওয়ার প্রত্যাশা করেছিলাম। কিন্তু দল ও সহযোগী সংগঠনের কতিপয় নেতা নৌকার পক্ষে কাজ করেননি। এ কারণে গতবারের চেয়েও এবার কম ভোট পেয়েছি।’
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ আমান উল্লাহ খান এই পৌরসভায় নৌকার ভরাডুবির জন্য নেতৃত্বের দুর্বলতাকেই দায়ী করেন। তিনি বলেন, বগুড়া আগে থেকেই বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত। এখানে আওয়ামী লীগের ভিত্তি মজবুত হওয়া দরকার ছিল।
২১টি ওয়ার্ড এবং প্রায় আড়াই লাখ ভোটারের এই পৌরসভায় ২০১১ সালের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এ কে এম মাহাবুবর রহমান ৯৬ হাজার ৩৩৪ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রেজাউল করিম পেয়েছিলেন ৫৯ হাজার ৩৫৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৭ হাজার।
অথচ এবারের নির্বাচনে মাহাবুবর রহমান পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৪০ ভোট। রেজাউল করিম পেয়েছেন ৪৯ হাজার ৪১৭ ভোট। এবার দুজনের ভোটের ব্যবধান প্রায় ৫৮ হাজার।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন মাঠপর্যায়ের নেতা বলেন, ভোটের দিনে ও ভোটের আগে দলীয় নেতারা কাউন্সিলর প্রার্থীর ভোট নিয়েই ব্যস্ত ছিলেন। মেয়র প্রার্থীর পক্ষে কেউই কাজ করেননি। এ জন্য প্রতিটি ভোটকেন্দ্রে দলীয় প্রার্থীরা কাউন্সিলর পদে জিতলেও নৌকা প্রতীকে ভোট কম পড়েছে।
তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দলীয় প্রার্থীর দূরত্ব ছিল অনেক। এ কারণে জেলা কমিটি ও শহর কমিটির অনেক নেতাই ভেতরে ভেতরে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেননি। প্রচারণাতেও তাঁদের দেখা যায়নি। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের পক্ষে জনমত সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন নেতারা। এ কারণে দলীয় প্রার্থীর এমন পরিণতি হয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, ভোটের মাঠে জেলা ও শহর আওয়ামী লীগের অনেক নেতাকেই দেখা যায়নি। কেউ কেউ দলীয় প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানালেও গোপনে বিরোধিতা করেছেন।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘দলে কোনো বিভাজন ও নেতৃত্বে দুর্বলতা নেই। পরাজয়ের গ্লানি থেকে কেউ দলকে দায়ী করতেই পারেন, তবে বাস্তবতা ভিন্ন। বগুড়া বিএনপি-জামায়াতের দুর্গ। আমাদের আশা ছিল, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে খুশি হয়ে ভোটাররা নৌকার প্রতি সমর্থন জানাবেন। কিন্তু ধানের শীষের প্রতি দুর্বলতার কাছে আওয়ামী লীগের ভালো কাজ হার মেনেছে। এ কারণেই বগুড়া পৌরসভায় নৌকা জিততে পারেনি।’
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া জেলার নয়টি পৌরসভার মধ্যে একটিতে বিদ্রোহীসহ পাঁচটিতে আওয়ামী লীগের ও বিএনপির একজন বিদ্রোহীসহ চারজন মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন।