
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তবে এখন পর্যন্ত দলের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য সর্বাঙ্গীণভাবে নামতে পারেনি দলটি। কেন্দ্রীয় নেতারা এখনো ব্যস্ত আইভী ও দলের সাংসদ শামীম ওসমানের মধ্যে দ্বন্দ্ব নিরসনে।
সব পক্ষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গতকাল শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি দল নারায়ণগঞ্জে গেছে। দায়িত্বশীল সূত্র জানায়, আজ শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করতে পারেন। এরপর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে জয়ের কৌশল ঠিক করবেন নেতারা।
এ ছাড়া আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে এর আগে ১৪ দলে আলোচনা হয়নি। সেখানে জোটের শরিক জাসদের (ইনু) একজন মেয়র পদে প্রার্থী আছেন।
জানতে চাইলে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, শনিবারের বৈঠকে অন্য আলোচনার সঙ্গে নারায়ণগঞ্জের নির্বাচন নিয়েও আলোচনা হবে। ১৪ দল কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সেই বিষয়ে বলবেন তিনি।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, বড় দলে সমস্যা কিছু থাকে। নৌকা প্রতীক বরাদ্দ হয়ে গেলে সব মিটে যাবে। কেউ কম কাজ করে, কেউ বেশি কাজ করে—নির্বাচনে এটা হয়।
দলীয় সূত্র জানায়, গতকাল কেন্দ্রীয় নেতাদের যে দলটি নারায়ণগঞ্জে গেছে, তারা স্থানীয় নেতাদের এই বার্তা দিয়েছে যে নির্বাচনে দলীয় প্রার্থীর জয় দেখতে চান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কারও গাফিলতি গ্রহণযোগ্য হবে না।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মন্ত্রী এবং সরকারি লাভজনক পদে থাকা ব্যক্তি ও সাংসদেরা প্রচারে অংশ নিতে পারবেন না। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, এটা তাঁদের বিপক্ষে গেছে। দলের বেশির ভাগ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাই হয় সরকারি দায়িত্বে, নতুবা সাংসদ। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতা তাঁদের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন।
এই পরিস্থিতিতে সরকারি দায়িত্বে থাকা নেতারা ধানমন্ডি কার্যালয়ে বসে পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করবেন। আর মাঠে প্রচারে পাঠানো হবে কমিউনিটিভিত্তিক দল। এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট টানতে ওই সম্প্রদায়ের নেতাদের কাজে লাগানো হবে। একইভাবে শিক্ষক, চিকিৎসক, বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের পাঠানো হবে আলাদা দলে। ধর্মীয় অপপ্রচার ঠেকাতে সরকারপন্থী ধর্মীয় নেতাদেরও পাঠানো হতে পারে। আগামী সোমবার প্রতীক বরাদ্দ হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে।
নারায়ণগঞ্জে আইভী ও শামীম ওসমানের মধ্যে বিরোধ দীর্ঘদিনের এবং তা প্রকাশ্য। এ জন্য আইভীকে দলীয় প্রার্থী ঘোষণার পর গণভবনে ডেকে নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা বৈঠক করেন। ওই বৈঠকে শামীম ওসমান ও তাঁর সমর্থক নেতারা আইভীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। তবে দলীয় প্রধান সব ভুলে সবাইকে এক হয়ে নৌকার প্রার্থী আইভীকে জয়ী করার নির্দেশ দেন।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘এসব বিভেদ থাকবে না, ঠিক হয়ে যাবে। কাজ চলছে। রোববারের পর থেকে প্রচার শুরু হবে।’
তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আইভীর পক্ষে শামীম ওসমানের প্রকৃত সহযোগিতার সম্পর্ক তৈরি হবে না। কারণ, নারায়ণগঞ্জ মহানগর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা কমিটির নেতাদের বড় অংশ শামীম ওসমানের সমর্থক। আর কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের একটা অংশের সঙ্গে শামীম ওসমানের সম্পর্ক খুব ভালো। ফলে শামীম ওসমান ও তাঁর অনুসারী স্থানীয় নেতারা কতটা ভূমিকা রাখবেন, তা অনেক ‘যদি’ ও ‘তবে’র ওপর নির্ভরশীল।
জানতে চাইলে দলের আরেক মুখপাত্র, প্রচার সম্পাদক হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, আইভী নারায়ণগঞ্জে যে উন্নয়নমূলক কাজ করেছেন এবং তাঁর যে জনপ্রিয়তা, তাতে নৌকার জয় নিশ্চিত। প্রচার শুরু হলে দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যাবেন।
আইভীর সমর্থক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মনে করেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা আইভীর পক্ষে মাঠে না নামলে ক্ষতি নেই, বরং ভালো। কারণ, এলাকায় শামীম ওসমান ও তাঁর অনুসারীদের যে ভাবমূর্তি, তাঁরা মাঠে নামলে আইভীর ভোট নষ্ট হতে পারে। এসব নেতার মতে, আইভী ব্যক্তি ইমেজ ও দলের সাধারণ ভোটারদের ওপর ভর করে জয়ী হতে পারবেন।