কোন্দল নিরসনের সভায় অনুপস্থিত ৬০ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির কোন্দল নিরসনে গত শনিবার অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিভিন্ন পর্যায়ের ৬০ জন নেতা অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছয়জন সাবেক সাংসদও আছেন।

কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিমের উপস্থিতিতে ওই সভার জন্য ১৭০ জনকে আমন্ত্রণ জানানো হয়। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, অনুপস্থিত নেতাদের মধ্যে সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম আহ্বায়কসহ উপজেলা ও পৌর বিএনপির প্রথম সারির নেতা আছেন।

চাঁদপুর প্রেসক্লাবে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা চলে। জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপি এ প্রতিনিধি সভার আয়োজন করে। জেলা ও উপজেলা বিএনপির ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় শুধু জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদের অনুসারী নেতা-কর্মীরা অংশ নেন। ফরিদ কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ-বিষয়ক সম্পাদক। কেন্দ্রীয় নেতারা যে উদ্দেশ্য নিয়ে চাঁদপুর সফরে এসেছেন, সেটা অনেকাংশে ব্যর্থ হয়েছে।

সভায় আনোয়ারুল আজিম বলেন, চাঁদপুরের নেতা-কর্মীদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রতিপক্ষ দলের সঙ্গে তাঁরা লড়াই করতে পারছেন না। তিনি বিভক্তির রাজনীতি ভুলে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন। তিনি জেলায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদারভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। চাঁদপুরের বিএনপির বর্তমান অবস্থা তিনি দলের মহাসচিবকে অবহিত করবেন বলে জানান।

নেতা-কর্মীরা অভিযোগ করেন, ২০১৪ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার পর দলের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শেখ ফরিদ জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পর দলের মধ্যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি সাবেক সাংসদদের সমর্থকদের বাদ দিয়ে জেলার আটটি উপজেলার চারটিতে বিএনপির নতুন কমিটি গঠন করেন। ফলে ওই উপজেলাগুলোতে সাবেক সাংসদেরা কোণঠাসা হয়ে পড়েন।

স্থানীয় এক নেতা বলেন, জেলার সাবেক সাংসদ হারুন অর রশিদ, জিএম ফজলুল হক, নুরুল হুদা, এম এ মতিন, এহসানুল হক ও সংরক্ষিত নারী আসনের রাশেদা বেগম ওই সভায় যোগ দেননি। অথচ দলীয় কোন্দল মেটাতে তাঁদের সভায় থাকাটা বাঞ্ছনীয় ছিল। তাঁদের মধ্যে এহসানুল হক বর্তমানে আমেরিকায় আছেন। সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চাঁদপুর জেলা থেকে ২১ জন নেতা স্থান পেয়েছেন। কিন্তু শনিবারের সভায় ফরিদসহ মাত্র তিনজন অংশ নেন। বাকি দুজন হলেন মোতাহের হোসেন এবং এস এম কামাল উদ্দিন চৌধুরী।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক বলেন, তিনি ২০০৮ সালে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়ন পান। তিনিসহ জেলার পাঁচজন সাবেক সাংসদ শেখ ফরিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি আরও বলেন, ‘আমরা ওই সভায় অংশগ্রহণ করব না জানিয়ে আনোয়ারুল আজিমের কাছে লিখিত চিঠি পাঠিয়েছি। শনিবারের সভায় উপজেলা ও পৌর বিএনপির পদধারী অনেক নেতা ছিলেন না।’ এ বিষয়ে বাকি চার সাবেক সাংসদের সঙ্গে কথা বলা যায়নি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বলেন, প্রতিনিধি সভায় আমন্ত্রিত ১৭০ জনের মধ্যে ১১০ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাইকে আমন্ত্রণ জানান। অনেকে এসেছেন, বিভিন্ন কারণ দেখিয়ে অনেকে আসতে পারেননি। যাঁরা আসেননি, কী কারণে আসেননি, এটা তাঁরা ভালো বলতে পারবেন।