কোন্দল নেই, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে কোন্দল নেই। সাংগঠনিক কর্মকাণ্ড আছে, কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণও আছে। এরপরও নেতা-কর্মীদের মধ্যে রয়েছে হতাশা। নেতা-কর্মীরা বললেন, সম্মেলনের সাত মাস পরও পূর্ণাঙ্গ কমিটি না হওয়া এই হতাশার কারণ।
নরসিংদী জেলা আওয়ামী লীগের এমন চিত্রই পাওয়া গেল নেতা-কর্মীদের বক্তব্যে। তাঁরা বললেন, আগে দলে কোন্দল, বিরোধ থাকলেও এখন নেই। দীর্ঘ ১১ বছর পর চলতি বছরের ১৪ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহেরও সৃষ্টি হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় হতাশার সৃষ্টি হচ্ছে। কমিটিতে কারা থাকছেন—এ নিয়ে জল্পনা-কল্পনা, গুঞ্জন-আলোচনা চলছে নেতা-কর্মীদের মধ্যে।
অবশ্য জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন আগে নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খানকে সঙ্গে নিয়ে তিনি দলীয় সভানেত্রীর কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেছেন।
দলীয় সূত্র বলেছে, নিয়ম অনুযায়ী জেলা আওয়ামী লীগের কমিটি হবে ৭১ সদস্যের। কমিটিতে ১০ শতাংশ পদে থাকবেন নারীরা। দলীয় নেতারা বলেছেন, ২০০৩ সালের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামানকে সভাপতি ও আবদুল মতিন ভূঞাকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের আগের কমিটি গঠন করা হয়েছিল। আগে দলীয় কোন্দল সেভাবে প্রকাশ্যে না এলেও ২০১১ সালের নভেম্বরে পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর জেলা আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। সভাপতি আসাদুজ্জামানসহ অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী তৎকালীন ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিনের পক্ষে ছিলেন। আর লোকমানের পরিবারের পাশে ছিলেন সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা ও সদর আসনের সাংসদ নজরুল ইসলামসহ জেলার অন্য তিন আসনের সাংসদেরা। তখন দুই পক্ষ দলীয় সব কর্মসূচি পালন করত আলাদাভাবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর নজরুল ইসলাম পানিসম্পদ প্রতিমন্ত্রী হন, মন্ত্রিসভায় স্থান পাননি রাজিউদ্দিন।
দলীয় সূত্র বলেছে, দলে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সিদ্ধান্তে গত ১৪ জানুয়ারি সম্মেলন হয় এবং প্রতিমন্ত্রী নজরুল ইসলাম সভাপতি ও আবদুল মতিন ভূঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি তাঁর ব্যস্ততার মধ্যেও প্রতি শুক্র ও শনিবার নরসিংদীতে এসে নেতা-কর্মীদের সময় দেন। সাধারণ সম্পাদক নরসিংদীতেই থাকেন। শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থাকে জমজমাট। সাংগঠনিক কার্যক্রমও চলছে। পালন করা হচ্ছে সব কর্মসূচি।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের সবার মধ্যে এখন আলোচনা, কমিটিতে কারা থাকছেন, কারা বঞ্চিত হচ্ছেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমার কমিটিতে তরুণ, পুরোনো সবাই আছেন। যাঁরা দলীয় আদর্শ, নিয়মনীতি মেনে চলতে চান, দলীয় আদর্শিক চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, দলীয় নেত্রীর প্রতি শর্তহীন আনুগত্য আছে, তাঁদের প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যক্তিগত বিষয়কে সামনে আনা হয়নি। ইতিপূর্বে বিভিন্ন সময়ে যাঁরা আমার বিরোধিতা করেছিলেন, তাঁদেরও কমিটিতে রেখেছি।’