দল যখন ক্ষমতায় ছিল তখনই বিভক্ত ছিল শেরপুর জেলা বিএনপি। এখন ক্ষমতাহীন দলের কাঁধে চেপে বসেছে মামলার জোয়াল। সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় দল চাঙা করতে এক বছর আগে আহ্বায়ক কমিটি করা হয়। কিন্তু সম্মেলন বা পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় হতাশ নেতা-কর্মীদের নিয়ে নিস্তেজ হয়ে আছে দল।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ গত ৩০ মে জেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। শহরের রঘুনাথ বাজার এলাকার দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্প্রতি একাধিক দিন গিয়ে দেখা গেছে, অধিকাংশ সময় জেলা বিএনপির কার্যালয়টি বন্ধ থাকে। কার্যালয়ের পেছনে একটি কাঠের আসবাব তৈরির কারখানা আছে। কারখানার শ্রমিকেরা অনেক সময় সেখানে বসে কাজ করেন। নির্দিষ্ট কর্মসূচি ছাড়া দলীয় নেতা-কর্মীরা কার্যালয়ে খুবই কম আসেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনেই চারদলীয় জোটের প্রার্থীরা পরাজিত হন। এতে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েন এবং দল সাংগঠনিকভাবে চাপে পড়ে। ২০১০ সালে নেতারা দলটিকে কিছুটা গুছিয়ে আনার চেষ্টা করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ছাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হকের নেতৃত্বে বিবদমান দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে কর্মসূচি পালন করতে থাকেন।
দলীয় সূত্রে জানা যায়, জোটগত রাজনীতির কারণে গত দুটি সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনটি জামায়াতের সাবেক জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ছেড়ে দেয় বিএনপি। কিন্তু দুবারই কামারুজ্জামান আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমানের কাছে পরাজিত হন। ইতিমধ্যে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কামারুজ্জামানের।
২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে এই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী দেওয়া নিয়ে সোচ্চার হন জেলা বিএনপির সাবেক সভাপতি ছাইফুল ইসলাম। কিন্তু ২০১৩ সালের জানুয়ারি মাসে ছাইফুল ইসলামের আকস্মিক মৃত্যু হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে দলের দুই সাবেক সহসভাপতি আবদুর রাজ্জাক ও সাইফুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। শেষ পর্যন্ত কেন্দ্র থেকে আবদুর রাজ্জাককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ২০১৩ সালের ১৯ মার্চ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলামকে সরকারি দল আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরই প্রতিক্রিয়ায় জেলা বিএনপির একাংশ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাহমুদুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল হামলার ঘটনা ঘটে।
এ সময় বিএনপিতে নতুন যোগদানকারী শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা শিল্পপতি হজরত আলীকে নিয়ে স্থানীয় বিএনপির একটি অংশ সক্রিয় হয়ে ওঠেন। জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক হজরত আলীকে দলে স্বাগত জানান। হজরত শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধেও শেরপুর সদর থানায় দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা করেছে পুলিশ।
কিন্তু হজরত আলীর যোগদান জেলা বিএনপির কোন্দলে শুধু নতুন মাত্রা যোগ করে। দলে তাঁকে ‘অনুপ্রবেশকারী’ ও ‘অতিথি পাখি’ হিসেবে আখ্যা দিয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি (বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক) সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি প্রয়াত ছাইফুল ইসলামের ছেলে সাবেক যুবদল নেতা এ বি এম মামুনুর রশিদের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর (হজরত) বিরুদ্ধে অবস্থান নেন। এখন এ দুটি পক্ষ দলীয় কর্মসূচি পালনে সক্রিয় না থাকলেও কোন্দলে সক্রিয় আছে।
এমন অবস্থায় গত বছরের জুন মাসে কেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাবেক সাংসদ মাহমুদুল হককে ৭৪ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়। কমিটিতে জেলা বিএনপির নয়জন নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এঁদের মধ্যে আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম, আবদুল মজিদ, এ বি এম মামুনুর রশীদ, মো. হজরত আলী অন্যতম।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাময়িকভাবে অভ্যন্তরীণ কোন্দল স্তিমিত হয়েছে। কিন্তু এক বছর পরও সম্মেলন করতে না পারায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। কোন্দলের অবসান না হলে দলের অস্তিত্বই সংকটে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগে দলে কোন্দল ছিল। কমিটি গঠনের পর আর তা নেই। এখন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কমিটির সব সদস্যের সম্মতিক্রমে। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে সম্মেলন শুরু করে শিগগির জেলা সম্মেলনের ব্যবস্থা করা হবে।
মাহমুদুল হক দাবি করেন, গত চার বছরে পুলিশের দায়ের করা ৮০টি মামলায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ হাজার নেতা-কর্মী আসামি হিসেবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকে আদালত থেকে জামিন না পেয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি পুলিশের দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
অপরদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম দলে নব যোগদানকারী ‘অতিথি পাখিকে’ (হজরত আলী) প্রত্যাখ্যান করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের যোগ্য পদ দিয়ে কোন্দল নিরসন করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।