নেতাদের দুই পক্ষের কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুর জেলা বিএনপি। কোন্দল এমন পর্যায়ে ঠেকেছে যে এখন রাখঢাক না করে দলীয় কর্মসূচি পালিত হচ্ছে আলাদাভাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত আন্দোলনে প্রায় চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থাকা অর্ধশত মামলার খড়্গ। কোন্দল আর মামলায় কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ভাগে বিভক্ত জেলা বিএনপির এক পক্ষে আছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ওয়ারেছ আলী (মামুন)। অপর পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন মল্লিক। ওয়ারেছ আলী শহরের শফি মিয়ার বাজার এলাকায় একটি কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। আর আমজাদ হোসেন স্টেশন রোডে নিজের বাড়ির সামনে আলাদা কার্যালয় বানিয়েছেন। সর্বশেষ গত ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী দুই কার্যালয়ে আলাদাভাবে পালিত হয়।
নেতা-কর্মীরা বলছেন, জেলা সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার আপাতত কোনো পক্ষে নেই। তবে কোন্দলের কারণে মাঠের নেতা-কর্মীরা বিভক্ত। অনেক নেতা-কর্মী কারাগারে আছেন। গ্রেপ্তার আতঙ্কে শতাধিক নেতা-কর্মী পলাতক।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, অনির্বাচিত, মেয়াদোত্তীর্ণ ও ভারপ্রাপ্ত কমিটি দিয়ে জেলা বিএনপিসহ সব অঙ্গসংগঠন চলছে। কেন্দ্রের শক্ত অবস্থা না থাকায় জেলার কোন্দল মিটছে না।
দলীয় সূত্রগুলো জানায়, নেতা-কর্মীদের বড় অংশ ওয়ারেছ আলীর সঙ্গে আছে। আর জেলা কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীদের একটি অংশ আছে আমজাদ হোসেনের সঙ্গে।
নেতা-কর্মীরা বলছেন, জামালপুরে বিএনপির কোন্দলের শুরু ১৯৯১ সালে। পরিস্থিতি সামলাতে ২০০৩ সালে নাটোরের বিএনপির নেতা রুহুল কুদ্দুসকে দায়িত্ব দেওয়া হয়। তাঁকে ৯০ দিনের মধ্যে সব উপজেলায় সম্মেলন শেষ করে জেলা কমিটি গঠনের সময় দেওয়া হয়। কিন্তু সম্মেলন না হওয়ায় ১১ মাস পর জেলা কমিটির সভাপতি করা হয় দেওয়ানগঞ্জের সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতকে। সাধারণ সম্পাদক হন ওয়ারেছ আলী। দায়িত্ব পেয়ে ওয়ারেছ মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত করেন। ২০০৮ সালে জেলা কমিটির আহ্বায়ক হয়ে আমজাদ হোসেন আবার দৃশ্যপটে আসেন। কিন্তু তা বেশি দিন টেকেনি। আবার দৃশ্যপটে ফিরে আসেন ওয়ারেছ আলী। বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির শামীম তালুকদারকে সভাপতি ও ওয়ারেছ আলীকে সাধারণ সম্পাদক করে ২০১১ সালে নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু পূর্ববিরোধের জের ধরে কমিটি থেকে বাদ পড়েন আমজাদ হোসেনের সমর্থক নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, জেলার রাজনীতিতে সভাপতি ফরিদুল কবিরের তেমন ভূমিকা নেই। তবে তাঁর নিজের উপজেলা সরিষাবাড়ীতে বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ ভালো। জেলা সদরে দলীয় সভাপতির অনুপস্থিতিতে ওয়ারেছ আলী সব কর্মকাণ্ড পরিচালনা করেন।
জানতে চাইলে আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মতো ত্যাগী নেতা-কর্মীদের জেলা কমিটিতে রাখা হয়নি। সেখানে স্থান পেয়েছে অযোগ্যরা। বর্তমানে যাদের নিয়ে বিএনপির কমিটি, তাদের কাছে দল নিরাপদ নয়। কারণ গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হয় না। এক ব্যক্তির ইচ্ছানুযায়ী দল পরিচালিত হচ্ছে।’
আর ওয়ারেছ আলী বলেন, দীর্ঘদিন ধরে দলের একটি অংশ সমস্যা তৈরি করছে। উপজেলা পরিষদ নির্বাচনের সময় আমজাদ হোসেন ওয়াদা করেছিলেন, আর কোনো গ্রুপিং করবেন না। কিন্তু নির্বাচনে জিতে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামে তাঁদের কোনো ভূমিকা নেই। তাঁরা সরকারদলীয় নেতাদের সঙ্গে আঁতাত করে কয়েকটি সভা করেছেন। ওই সময় তাঁদের দুজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করলেও এক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেয়। আর আমাদের শতাধিক নেতা-কর্মী ৪৫ দিন কারাগারে ছিল। এতে প্রমাণিত হয়, তারা সরকারি দলের কাছে দায়বদ্ধ।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এন এন তাপস পাঠান বলেন, যত দিন না দল ন্যূনতম সাংগঠনিক চরিত্রে ফিরে আসবে, তত দিন জামালপুর বিএনপিকে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানো যাবে না। গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত করলেই দল সাংগঠনিক শক্তি ফিরে পাবে।
সব পক্ষকে নিয়ে নতুন করে কমিটি করা গেলে সংকট দূর হতে পারে বলে মত দিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরাও। কোন্দলের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা রহস্যজনক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।