কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় সমাবেশ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেয়া চৌধুরী
কেয়া চৌধুরী

হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় আজ সারা দিন হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিবোদ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

কেয়া চৌধুরী গতকাল শুক্রবার সরকারি অনুদানের চেক হস্তান্তরের জন্য একটি বেদেপল্লিতে গিয়ে নিজ দলের কয়েক কর্মীর হামলার শিকার হন। বেদেপল্লির কাছে যাওয়া মাত্র বাহুবল উপজেলা ভাইস মো. তাঁরা মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউর রহমান শাহেদের নেতৃত্বে একদল ব্যক্তি কেয়া চৌধুরীকে প্রবেশে বাধা দেন। তাঁদের হামলায় আহত হন কেয়া চৌধুরী।
আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে এলাকাবাসীর পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে বাহুবল বাজারে লোকে লোকারণ্য হয়ে ওঠে। উপজেলা আওয়ামী লীগের নেতা ফরিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একটি চক্র চায় না আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এ এলাকায় রাজনীতি করুন। কেয়া চৌধুরীর সুষ্ঠু রাজনীতির কাছে তারা পরাজিত। তারা মনে করে, কেয়া চৌধুরী গণমানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। দুর্নীতিপরায়ণদের রাজনীতির পথ বন্ধ হয়ে যাচ্ছে।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী তারা মিয়া ও আলাউর রহমান শাহেদকে আইনের আওতা আনা হলে পুরো সিলেট বিভাগের সড়ক, রেলপথসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়া হবে।
এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, সহসভাপতি শ্রমিকনেতা আসকার আলী, যুগ্ম সম্পাদক ও লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিববুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, কেয়া চৌধুরীর ভাই ফয়জুল বশির চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষ সহস্রাধিক মানুষের রাত আটটায় বাহুবল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। এতে নানা পেশার সহস্রাধিক লোকজন অংশ নেন। বিক্ষোভকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে বেলা দুইটায় মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-অভিভাবকেরা দেড় কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
আজ বিকেলে বাহুবল উপজেলার মিরপুর বাজার-সংলগ্ন বিশ্বরোড পয়েন্টে অন্য এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।