কোকোর কবর জিয়ারত করবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে যাবেন তিনি। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

প্রায় তিন মাস পর গতকাল রোববার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। পুরো সময়টাই তিনি রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে সেখান থেকে বের হয়ে গতকাল আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তিন মাস ধরে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের সমাপ্তি হলো, রাজনৈতিক অঙ্গনেও কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হলো।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। কিন্তু ৪০ দিনেও গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছায়নি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা চলছিল। এ পরিস্থিতিতে গতকাল ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে কোকোকে সমাহিত করা হয়।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন কোকো। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১৭ জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। পরে সেখান থেকে তিনি মালয়েশিয়া যান।