কোকোর জন্য বিশেষ মোনাজাতে অংশ নিলেন খালেদা

আরাফাত রহমান কোকোর চেহলামে বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার আসরের নামাজের পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে জানান, খালেদা জিয়া কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে মোনাজাতে অংশ নেন।
এ ছাড়া বিশিষ্ট আইনজীবী রফিক–উল–হক, বিএনপির সাবেক সাংসদ আকতারুজ্জামান মোনাজাতে অংশ নেন। এ ছাড়া কার্যালয়ের ভেতরে থাকা সবাই মোনাজাতে অংশ নেন। কার্যালয়ের বাইরে থাকা অনেককে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। মোনাজাত শেষে বাইরে থাকা মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। মোনাজাতের পরপরই খালেদা জিয়ার কার্যালয় থেকে বেরিয়ে যান রফিক–উল–হক। তবে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে আজ বেলা ১১টা থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ভেতরে কোরআনখানি হয়। ১৫ জন মাওলানা-হাফেজ কোরআনখানি করেছেন। আসরের নামাজের পর অনুষ্ঠিত হয় মোনাজাত। কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।