কোটা পুরোপুরি বাতিল করা ঠিক হবে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সরকারি চাকরিতে কোটা পুরোপুরি তুলে দেওয়া ঠিক হবে না। আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর ইউএনবির।
এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও এটা করা ঠিক হবে না। মুক্তিযোদ্ধাদের জন্য একটি কোটা অবশ্যই রাখা উচিত। তিনি আরও বলেন, বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক। কোটার অনুপাত অবশ্যই সামঞ্জস্য করা উচিত। ক্ষমতায় থাকার সময় তিনি কোটা পদ্ধতির প্রচলন করেছিলেন বলে উল্লেখ করেন এরশাদ।
জাতীয় পার্টির প্রধান দাবি করেন, পুলিশ বাহিনীতে চাকরি পেতে চাকরিপ্রত্যাশীদের ৮ থেকে ১০ লাখ টাকা দিতে হয়। ওই টাকা দেওয়ার পরও কেউ চাকরি পাবেন সেই নিশ্চয়তা নেই।
নিত্যপণ্যের দাম বাড়ার জন্য সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
আগামী সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী দেবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘অন্যদের সঙ্গে আমরা আর জোটবদ্ধ নই। জাতীয় পার্টি একাই সাধারণ নির্বাচনে অংশ নেবে।’
পৃথক নানা ইস্যুতে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়েছে দাবি করে এরশাদ বলেন, তারা (আওয়ামী লীগ) এখন দুর্বল অবস্থায় রয়েছে। বিএনপিও ভেঙে পড়েছে। দলটির কেন্দ্রীয় নেতা বর্তমানে কারাগারে। বর্তমানে তাদের কোনো নেতা নেই।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।