কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে গেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে গেছে। এই আন্দোলন নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ানোরও একটি প্রচেষ্টা আছে।
ধানমন্ডিতে আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং পাঁচটি রকেট অ্যাকাউন্টে টাকা আসার ঘটনা, বিএনপি নেতাদের সঙ্গে তাদের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আন্দোলনকারীদের অশোভন বক্তব্য—সব মিলিয়ে এটি শুধু কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে গেছে এবং এই আন্দোলন নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ানোরও একটি প্রচেষ্টা আছে। তাই সহজেই বোঝা যায় বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কাঁধে ভর করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ছাত্র সমাজের পক্ষ থেকে কোটা বাতিলের পক্ষে যেমন আছে, কোটা রাখার দাবিও আছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে, অনগ্রসর শ্রেণির পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকেও শুধু কোটা বাতিলের দাবি নয়—কোটা বহাল রাখারও দাবি আছে। সে জন্য সরকারকে সমস্ত পক্ষের কথা শুনেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকেই চালু রয়েছে। সাড়ে চার দশক সময় ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি হঠাৎ করে বাতিল করা যায় না। বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয় এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন বিষয়ে হাছান মাহমুদ আরও বলেন, এত দিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে যারা আছে, তাদের সঙ্গে কোন কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে—তা ছাত্রলীগের ওপর দায় চাপানো সমীচীন নয়। তিনি আরও বলেন, যখন বাংলাদেশে জীবন্ত মানুষের গায়ে পেট্রল বোমা মেরে শত শত মানুষ পুড়িয়ে অঙ্গার করা হয়েছিল, তখন তারা কোথায় ছিলেন? আর এখন হঠাৎ করে তারা কোটা আন্দোলনকারীদের পক্ষে কথা বলছেন।