কোথাও স্বস্তি, কোথাও অস্বস্তি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত প্রার্থীরা আছেন স্বস্তিতে। এখানে দল দুটির অন্য কোনো নেতা নির্বাচনী লড়াইয়ে নেই। ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী একজন হলেও ক্ষমতাসীন দলে অস্বস্তি রয়েছে। কারণ, এখানে দল–সমর্থিত প্রার্থীর বাইরে একাধিক নেতা আছেন নির্বাচনী মাঠে। আর ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী বদল হয়েছে একাধিকবার। এ নিয়ে দ্বিধায় আছেন দলীয় নেতা–কর্মীরা। এই ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থীর বাইরে দলের আরেকজন নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
ওয়ার্ড নম্বর ১০
দারুস সালাম, গোলারটেক, প্রথম কলোনি, দ্বিতীয় কলোনি, তৃতীয় কলোনি, লালকুঠি ও গাবতলীর কিছু অংশ নিয়ে গঠিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড। ১ দশমিক ৬৬৯ বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে ভোটার ৫৬ হাজার ৭০২ জন। ওয়ার্ডে লক্ষাধিক মানুষের বসবাস।
ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আবু তাহের। তিনি দারুস সালাম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এখানে আওয়ামী লীগের আর কোনো নেতা মনোনয়নপত্র জমা দেননি।
আবু তাহের বলেন, ‘আমি আবার এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাই। পুনরায় নির্বাচিত হলে অবশিষ্ট উন্নয়নমূলক কাজ শেষ করব।’ তিনি আরও বলেন, এবার নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করবেন।
এখানে বিএনপি সমর্থন দিয়েছে মাসুদ খানকে। তিনি দারুস সালাম থানা বিএনপির উপদেষ্টা। মাসুদ খান বলেন, ‘২০০২ সালের নির্বাচনে জয়লাভ করি। দায়িত্বে থাকাকালে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। দিনরাত মানুষের বিপদে ছুটে গেছি।’
এ ওয়ার্ডে ছাত্রদলের নেতা শাফায়েত রাব্বী আরাফাতও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তিনি জানিয়েছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্তে তিনি নির্বাচন করবেন না।
ওয়ার্ড নম্বর ১১
ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের আয়তন ১ দশমিক ১৩ বর্গকিলোমিটার। দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়ার কিছু অংশ, কল্যাণপুর ও সরকারি ডি-টাইপ কোয়ার্টার এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। এখানে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের বাস। সরেজমিনে দেখা যায়, কল্যাণপুর নতুন বাজার থেকে বাঙলা কলেজ পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্ট্যান্ড ও রিকশা মেরামতের দোকান। স্থানীয় লোকজন বলেন, ওয়ার্ডের নির্মাণাধীন ভবনে বসে মাদকসেবীদের আড্ডা। মাদকের প্রধান উৎস কল্যাণপুর পোড়া বস্তি।
ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে বর্তমান কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য। গত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তিনি। দেওয়ান আবদুল মান্নান বলেন, ওয়ার্ডের রাস্তাগুলো সরু। বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে বেশ কিছু রাস্তা প্রশস্ত করা হয়েছে। আরও কিছু রাস্তা প্রশস্ত করতে হবে।

দল–সমর্থিত প্রার্থী ছাড়াও এই ওয়ার্ডে আরও পাঁচজন নেতা নির্বাচনের মাঠে আছেন। তাঁদের মধ্যে একজন মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি গাজী আলিয়ার রহমান। ২০১৫ সালে দলের প্রার্থী হিসেবে সমর্থন পেয়েও বর্তমান কাউন্সিলরের কাছে তিনি হেরে যান। এবার দল তাঁকে সমর্থন দেয়নি। এ ছাড়া মিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলীও আছেন নির্বাচনী লড়াইয়ে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা মো. লিটন ও ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ওয়ার্ডে বিএনপির সমর্থন পেয়েছেন মোহাম্মদ শামীম পারভেজ। ২০০২ সালে তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। এলাকায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। আর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। এই ওয়ার্ডে শামীম পারভেজ ছাড়া বিএনপির আর কোনো নেতা নির্বাচনী লড়াইয়ে নেই।
ওয়ার্ড নম্বর ১২
টোলারবাগ, বিএডিসি স্টাফ কোয়ার্টার, পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার, আনসার ক্যাম্প, শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার, বিশিল, আহমদনগর ও শাহ আলীবাগ নিয়ে গঠিত এই ওয়ার্ড। দেড় লক্ষাধিক মানুষের এই ওয়ার্ডে ভোটার প্রায় ৮৩ হাজার।
সরেজমিনে দেখা যায়, টোলারবাগ আবাসিক এলাকা থেকে মিরপুর-১ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অসংখ্য দোকান গড়ে তোলা হয়েছে। টোলারবাগ আবাসিক এলাকা, আনসার ক্যাম্প, সরকারি এ-টাইপ কলোনি ও ওয়াক-আপ কলোনি এলাকার ফুটপাতে গড়ে তোলা দোকানের কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।
মিরপুর-১ নম্বরের কাছে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বসে বাজার। প্রতিনিয়ত বাড়ছে বাজারের পরিসর।
এই ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নাটকীয়তা হয়েছে। প্রথমে দল এখানে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেনকে সমর্থন দেয়। পরে প্রার্থী বদল করে বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেনকে সমর্থন দেওয়া হয়। কিন্তু এই সমর্থনও টেকেনি। তাঁকে পাল্টে আবার মুরাদকে সমর্থন দেয় আওয়ামী লীগ। এ নিয়ে দলীয় নেতা–কর্মীরা দ্বিধায় আছেন। নির্বাচনে কে কাকে সমর্থন করবেন, এ নিয়েও বিভক্তির সৃষ্টি হচ্ছে। প্রার্থী আবার পরিবর্তন হবে বলেও আশা করছেন অনেক নেতা–কর্মী।
গত নির্বাচনে মুরাদের স্ত্রী শিরিন রোকসানাকে আওয়ামী লীগ সমর্থন দেয়। কিন্তু তিনি বর্তমান কাউন্সিলরের কাছে হেরে যান।
মুরাদ হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আর বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘দলের প্রতি এখনো আশা আছে। প্রার্থী পরিবর্তন হতে পারে।’ দলের সমর্থন না পেলে নির্বাচন করবেন কি না, সে ব্যাপারে ৯ তারিখের পর সিদ্ধান্ত নেবেন তিনি।
এই ওয়ার্ডে বিএনপি থেকে শহিদুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এই ওয়ার্ডে বিএনপি নেতা জাকির হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।