কোন চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে? খালেদার কাছে ইনুর প্রশ্ন

ভারতের সঙ্গে কোন চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তা জানানোর জন্য খালেদা জিয়াকে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গত রোববার ‘ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে’, খালেদা জিয়ার এমন মন্তব্যের উত্তরে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
আজ সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সফরকালে দু’দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো প্রকাশ্যে স্বাক্ষরিত হয়েছে।’ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তথ্য মন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রবিরোধী কথা বলা ও উসকানি দেওয়া বন্ধ করারও আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এত ঠুনকো নয় যে, কাভার্ড ভ্যান বা বাসের ভেতর দিয়ে পাচার হয়ে যাবে।
সাব এডিটরদের সংবাদপত্রের চক্ষু ও কর্ণ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কোন খবরটি ছাপার যোগ্য তা নির্ধারণের গুরুদায়িত্ব পালন করেন তাঁরা।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট আলতাফ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, দৈনিক মুক্ত খবরের নগর সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।