কোনো অপকর্মই সরকার আড়াল করতে পারেনি: রিজভী
হাজার হাজার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেও আওয়ামী সরকারের জীবনঘাতী দুঃশাসনের বিভীষিকা আড়াল করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুক্তরাষ্ট্রের প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনো অপকর্মই সরকার আড়াল করতে পারেনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘নিশিরাতের সরকারের’ এই কুমতলব সম্পর্কে দেশ–বিদেশের গণতন্ত্রকামী শক্তি সতর্ক এবং সজাগ। বিনা ভোটের সরকার বন্দুকের জোরে র্যাব-পুলিশ কিংবা আদালতকে ব্যবহার করে যতই অপপ্রচার চালাক, দেশে–বিদেশে কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত নয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রলণালয় প্রকাশিত এই মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে। আইন-আদালত সরকারের কবজায়। দেশের নিরাপত্তা বাহিনী গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত।
বিরোধী দল নিধনে নিরাপত্তা বাহিনীকে সরকার ব্যবহার করছে। বাক্স্বাধীনতা সংকুচিত করে ফেলা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, বাক্সভর্তি জালভোট, বিরোধী পোলিং এজেন্টদের ভয় দেখানোসহ নানা অনিয়ম ছিল ওই নির্বাচনে। পর্যবেক্ষকেরা ওই নির্বাচনটিকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দেয়নি। সুতরাং খালেদা জিয়া ক্ষমতাসীন সরকারের প্রতিহিংসার শিকার।’
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে—এমন অভিযোগ করে রিজভী বলেন, এর অর্থ খালেদা জিয়া সম্পর্কে অবৈধ আওয়ামী সরকারের অপপ্রচার সম্পর্কে গণতান্ত্রিক বিশ্ব বিভ্রান্ত নয়। রিজভী এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী ফ্যাসিজমের নৃশংস আত্মপ্রকাশ এখন বিশ্ববাসীর কাছেও স্পষ্ট। গণতন্ত্র হত্যাকারী এই কর্তৃত্ববাদী দলটি দেশে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন সহিংস উন্মত্ততায় বেপরোয়া হয়ে জনগণের টুঁটি চেপে ধরেছে।
রিজভীর ভাষ্য, টলটলায়মান গদি যেকোনো সময় তাসের ঘরের মতো পড়ে যেতে পারার সম্ভাবনায় আওয়ামী সরকার এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছে। গতকালও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বলেছেন, মেগা প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো বিভ্রান্তি নয়, অভিনব নজিরবিহীন দুর্নীতিতে সম্পৃক্ত মেগা প্রকল্প নিয়ে সত্য কথাই আজ দেশ-বিদেশে বলাবলি হচ্ছে। এই মেগা প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা যে লুটপাট হচ্ছে, তা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার মতোই ধাপে ধাপে দেউলিয়ার পথে এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।