কোনো আশা ছাড়াই সম্মেলনে আরব নেতারা
আঞ্চলিক সংঘর্ষ বা ‘সন্ত্রাসবাদ’ বিষয়ে ইতিবাচক সাফল্যের আশা ছাড়াই আরব নেতারা অংশ নিচ্ছেন বার্ষিক বৈঠকে। বুধবার জর্ডানের সুই মেহতে মৃত সাগর উপকূলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আরব বিশ্বের ২২ নেতার সঙ্গে সৌদি বাদশাহ সালমানও যোগ দিচ্ছেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডি মিস্তুরা এতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। জর্ডানের একটি সূত্র জানিয়েছে, ২০০৫ সালের পর এই প্রথম মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
জর্ডানের তথ্যমন্ত্রীর ভাষ্য, নেতারা সিরিয়া, ইরাক, লিবিয়া ও ইয়েমেন যুদ্ধ, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াই এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করার কথা।
এদিকে আল-কুদস সেন্টারের রাজনীতি বিষয়ের প্রধান অরিব আল-রানতায়ি বলছেন, ‘আরব সম্মেলনের আগেরগুলোর চেয়ে এটা আলাদা কিছু হবে না বলে আমি মনে করি। আরব রাজনীতি পদ্ধতিগতভাবে দুর্বল, বিভক্ত এবং বছরের বছর পর ত্রুটিপূর্ণ শাসন ব্যবস্থার কারণে স্থবির হয়ে আছে। তাই ইতিবাচক সাফল্য পাওয়ার কোনো আশা করা যায় না।’
২০১১ সালে আরব বসন্ত বিদ্রোহের পর, সিরিয়ায় ছয় বছর ধরে চলতে থাকা বিধ্বংসী যুদ্ধসহ এ অঞ্চলের যেকোনো সংঘর্ষের বিষয়ে সমাধানের জন্য ২২ সদস্যের এই গোষ্ঠী চেষ্টা করে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিকে ‘এ অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে সংকটময় অবস্থা’ উল্লেখ করে যুদ্ধের বিষয়ে সমাধান খুঁজতে গত সোমবার আরব নেতাদের ‘আরও কার্যকর ভূমিকা’ পালনের আহ্বান জানিয়েছেন আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইত।
২০১১ সালের পর থেকে এই সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানো হয় না। সেখানে সরকার বিরোধীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোর ঘটনা দেশটিকে ক্ষমতাধর দেশগুলোকে যুক্ত করে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ। সিরিয়ায় বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে আরব বিশ্বের শক্তিশালী আঞ্চলিক প্রতিপক্ষ ইরান সমর্থন দিচ্ছে আসাদ সরকারকে।
জাতিসংঘ মহাসচিব গতকাল মঙ্গলবার সিরিয়ায় যুদ্ধের বিষয়ে আরব নেতাদের মতানৈক্য পাশ কাটিয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আরব নেতাদের ঐক্যবদ্ধ হওয়া খুব প্রয়োজন।
সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবিলা করার বিষয়েও আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। ইসলামিক স্টেটকে এখানে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই সংগঠনটি সিরিয়া ও প্রতিবেশী ইরাকে যুক্তরাষ্ট্র সমর্থিত আক্রমণের মুখে পড়ছে।
জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে একটি খসড়া বিবৃতি সম্মেলনে উপস্থাপন করা হবে এবং বিকল্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
সূত্র: এএফপি