কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। ছবি: সাহাদাত পারভেজ
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। ছবি: সাহাদাত পারভেজ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশে বক্তারা বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার তড়িঘড়ি করে অনেক আইন করছে। কিন্তু সরকারের কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন নেতা-কর্মীরা। কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে এ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এ জন্য যা যা দরকার, সবই করছে। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়া এরই অংশ। এর পেছনে দুরভিসন্ধি আছে। বিচারকেরা আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না। বিএনপির অহিংস আন্দোলনে জনগণের ঢল নামবে। সরকারের কাছে তিনি গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করেন।

জনগণ চাইলে হরতালের বিরুদ্ধে আইন করা হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস দাবি করেন, ‘জনগণ চাইছে এ সরকার ক্ষমতা থেকে বিদায় হোক। তাহলে কেন সরকার ক্ষমতায় আছে। এখানে হঠাৎ জনগণের মতামত নেওয়ার প্রয়োজন পড়ল কেন?’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আইনমন্ত্রী মিথ্যার আশ্রয় নিয়েছেন। সংশোধনী বিলের শুরুতে বলা হয়েছে, সামরিক শাসক জিয়াউর রহমান সংসদের হাত থেকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা কেড়‌ে নিয়েছেন। এটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে রফিকুল ইসলাম বলেন, বাকশাল গঠন করার সময় এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার সংবিধানের যে সংশোধনী আনতে যাচ্ছে, তা সংবিধান লঙ্ঘনের শামিল। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীসহ দলের নেতাদের মুক্তির দাবি জানান। তিনি বলেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নেতাদের মুক্তি দেওয়া না হলে রাজপথে ফয়সালা হবে।
সমাবেশে অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, কল্যাণ ফ্রন্টের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।