কোনো প্রভু ক্ষমতায় বসিয়ে দেবে না, খালেদাকে সেলিম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘কোনো প্রভুই আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে না।’
আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লি এন কে উচ্চবিদ্যালয় মাঠে চার গ্রামের ৩০২টি পরিবারের নতুন বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ সেলিম এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি ও জামায়াত ষড়যন্ত্র করে ব্যর্থ হওয়ায় তারা এখন কান্নাকাটি করছে মন্তব্য করে শেখ সেলিম বলেন, ‘এ কান্নাকাটিতে কোনো লাভ হবে না। ঘণ্টায় ঘণ্টায় নির্বাচন হয় না, পাঁচ বছর পর নির্বাচন হয়।’ তিনি আগামী চার বছর খালেদা জিয়াকে নাকে তেল দিয়ে ঘুমানোর পরামর্শ দেন।
শেখ সেলিম আরও বলেন, ‘খালেদা জিয়া খুনের রাজনীতি করে দেশকে একটি পাকিস্তানি রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে।’
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মিয়া আরিফুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. রেজায়েত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।