কোনো ফেভার চাই না, সুষ্ঠু নির্বাচন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাঁরা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করতে চান। তিনি বলেন, ‘আমরা কোনো ফেভার চাই না, সুষ্ঠু নির্বাচন চাই।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সিইসি কুমিল্লায় গিয়ে বলেছেন, এখান থেকেই গণতন্ত্রের নবযাত্রা হবে। সিইসিকে আমরা বলেছি, আপনি যে কথা বলেছেন, তা বাস্তবায়ন করবেন।’
নজরুল ইসলাম খান কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক। এক সপ্তাহের বেশি সময় তিনি কুমিল্লায় ছিলেন। সেখান থেকে ঘুরে এসে সার্বিক পরিস্থিতি সিইসির কাছে তুলে ধরেছেন বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কুমিল্লার একজন প্রভাবশালী মন্ত্রীর নেতৃত্বে, বিশেষ করে সিটি করপোরেশনের দক্ষিণভাগে ভোট চুরি, কারচুপির নীলনকশা করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি সিইসিকে অবহিত করে তা প্রতিরোধের জন্য বলেছি।’
নজরুল ইসলাম খান বলেন, তাঁদের মনে হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নির্বাচন কমিশন সিরিয়াস। সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলেছেন সিইসি। কমিশন এ পর্যন্ত যেসব কথা বলেছে, তার সঠিক বাস্তবায়ন হলে ভোট সুষ্ঠু হবে।